জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনা করবে না আইজেনকটের দল

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকটছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের নতুন পার্লামেন্ট (নেসেট) সদস্য গাদি আইজেনকটের ইয়াশার দল জানিয়েছে, জোট নিয়ে আলোচনার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রাথমিক বৈঠকের সময় ঠিক করা হয়েছিল।

কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে ‘বিভাজনমূলক’ ভাষণ দেওয়ার পর সেই বৈঠক বাতিল করা হয়েছে।

দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার যে চারটি নীতি ঠিক করেছে, তার ভিত্তিতে নেসেটের সব দলের প্রতি ইয়াশার আন্তরিক ও সত্যিকারের আলোচনার আহ্বান জানিয়েছিল। এরই অংশ হিসেবে আইজেনকটের দল ও লিকুদের মধ্যে আলোচনা আগামীকাল বৃহস্পতিবার বৈঠকের সময় ঠিক হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ ও নেসেটের শপথ অনুষ্ঠানে তাঁর লজ্জাজনক আচরণের কারণে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট আগামীকাল লিকুদের প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত আলোচনা বৈঠক বাতিলের নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহু জাতীয় সরকারের চাপ দিচ্ছেন

গত সোমবার নেতানিয়াহু বিরোধী নেতাদের একটি ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর ওই বক্তব্যের পর আলোচনা ভেঙে যাওয়ার খবর এল।

গতকাল মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর ভাষণকে আইজেনকট ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির মুখে জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সেই হুমকি ধ্বংস করতেই হবে।

ইয়াশারের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু আলোচনার পথে না গিয়ে ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথকেই বেছে নিচ্ছেন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদায়ী প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় (গতকাল মঙ্গলবার) ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাঁদের আরও প্রমাণ দরকার ছিল, তাঁদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না। ইসরায়েলি সমাজে যখন সহনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ বেছে নিয়েছেন। নেতানিয়াহু সব সময় নিজেকেই বেছে নেবেন। যেকোনো মূল্যে।’

নেতানিয়াহুর দাবি, ইয়াশার পার্টি আরবদের সঙ্গে জোট করছে। আর ঐক্য আলোচনা বাতিল করছে তারা।

আরও পড়ুন

লিকুদ দলের দাবি, নেতানিয়াহু জাতীয় ঐক্য অর্জনে ‘সম্ভাব্য সব চেষ্টা করবেন’ এবং ‘ঐক্য চায়, এমন যেকোনো দলের প্রতিনিধিদের সঙ্গে লিকুদ বসতে রাজি।’

বৈঠক বাতিলের ঘোষণার জবাবে লিকুদ পার্টি এটিকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো লিকুদের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে। অথচ আরব দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে। লিকুদের দাবি, নেসেটের শপথ অনুষ্ঠানের পরপরই ওই আরব দলগুলো জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করেছিল।

আরও পড়ুন