ইরানের বিক্ষোভরত নারীদের সমর্থন প্রিয়াঙ্কা চোপড়ার
ইরানের বিক্ষোভরত নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর এএনআইয়ের।
পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ চলছে। চলমান এই বিক্ষোভে ইরানের নারীদের প্রতি বিশ্বের অনেক খ্যাতিমান ব্যক্তি ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন। এবার প্রিয়াঙ্কা চোপড়াও সমর্থন জানালেন।
প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যথাযথভাবে’ হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশ নৃশংসভাবে মাসা আমিনির জীবন কেড়ে নিয়েছে। তাঁর মৃত্যুর প্রতিবাদে ইরানসহ সারা বিশ্বের নারীরা জেগে উঠছেন। তাঁরা আওয়াজ তুলছেন। প্রকাশ্যে নিজেদের চুল কেটে ফেলছেন। তাঁরা আরও নানাভাবে প্রতিবাদ করছেন।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, যুগ যুগ ধরে জোর করে নিশ্চুপ রাখার পর যে কণ্ঠ জেগে ওঠে, তা ঠিক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তাঁরা (ইরানি নারী) থামবেন না। তাঁদের থামানো যাবে না।
ইরানি নারীদের উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি আপনাদের সাহস দেখে, উদ্দেশ্যের কথা জেনে বিস্মিত। আক্ষরিক অর্থেই পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে জীবনের ঝুঁকি নেওয়া সহজ নয়। তবে আপনারা সাহসী নারীরা প্রতিদিন এই কাজ করে চলছেন।’
প্রিয়াঙ্কা চোপড়া ইরানি কর্তৃপক্ষ, দেশটির ক্ষমতাসীনদের বিক্ষোভকারীদের কথা শোনার আহ্বান জানিয়েছেন। তাঁদের সমস্যা বোঝার জন্য অনুরোধ করেছেন।
হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ গত ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করে। পুলিশি হেফাজতে ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়।
মাসার মৃত্যুর প্রতিবাদে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান এই বিক্ষোভে অনেকে নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শত শত ব্যক্তিকে।