তুরস্কের আনতালিয়ার বাচেলিয়েভের এলাকার আলতানদিগের একটি হোটেলে থাকছি জলবায়ু সম্মেলনে আসা বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে। আলতানদিগ নতুন শহর। পাশেই রোমান স্থাপত্য হাড্রিয়ান গেট, সেলজুক স্থাপত্যের প্রতীক ইভলি মিনার, পুরোনো শহর কালেইচি ও সমুদ্রসৈকত। হোটেলের পাশেই আয়দিন কাঞ্জা উদ্যান, যা আলতানদিগের এক উন্মুক্ত ফুসফুস।
কাঞ্জা পার্ক থেকেই গত শনিবার শুরু হয় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ‘পিপলস ক্লাইমেট মার্চ’। প্রায় ১০ হাজার মানুষ ‘মুনাফার আগে মানুষ ও পৃথিবী’, ‘দূষণকারীদের ক্ষতিপূরণ দিতে হবে’ কিংবা ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করো’ স্লোগানে মুখর করেন আনতালিয়ার রাজপথ।
কেবল শরীরচর্চা, ভ্রমণ, বিনোদন বা বিশ্রাম নয়; নাগরিকদের জমায়েতের জন্য নগরে কাঞ্জার মতো উন্মুক্ত নাগরিক উদ্যানও জরুরি। ঢাকা শহরের নিহত উদ্যান আর খেলার মাঠগুলোর কথা আমার খুব মনে হয়। হাতে গোনা ধনীদের গাড়ি নামবে বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামিয়ে এক চা–চামচের সমান পান্থকুঞ্জ পার্কটিকে উধাও করে দেওয়া হয়েছে। বহু গবেষণায় প্রমাণিত হয়েছে, উন্মুক্ত স্থান, সবুজ বলয়, গাছপালা আর জলাধার কমছে বলেই ঢাকার মতো নগরগুলোতে অভ্যন্তরীণ তাপ ও দূষণ বেড়েছে। এর জন্য বৈশ্বিক জলবায়ু সংকট নয়; বরং দায়ী রাষ্ট্রের উন্নয়নবৈরিতা।
সব দোষ আড়াল করে জলবায়ুকে ‘নন্দ ঘোষ’ না বানিয়ে প্রমাণসমেত সত্যিকারের জলবায়ু অভিজ্ঞতাগুলো সামনে আনার ভেতর দিয়েই জলবায়ু-ন্যায্যতা নিশ্চিত হতে পারে।
সব দোষ ‘জলবায়ু পরিবর্তনের’ ঘাড়ে চাপিয়ে কেবল তহবিলের আলাপে এসব সংকট দূর হবে না। রাষ্ট্র, ক্ষমতাকাঠামো, নিওলিবারেল বাজার এবং সরকারের বিনাশী উন্নয়নচিন্তা ও মুনাফা-বলপ্রয়োগের উদাহরণকে আড়াল করে সব সমস্যার জন্য ‘জলবায়ু পরিবর্তনকে’ চিহ্নিত করা ‘জলবায়ু-ডিসকোর্সের’ এক ভুল ও অন্যায় পাঠ। এই পাঠপদ্ধতি বদলাতে হবে। রাষ্ট্রপক্ষগুলোকে নিজ দেশের অভ্যন্তরীণ পরিবেশগত ও সামাজিক অবিচারকে নিরপেক্ষভাবে জলবায়ুমঞ্চের আলাপে আনতে হবে।
২০০৮ সালে প্রথম আলোতে লিখেছিলাম—‘যত দোষ জলবায়ু ঘোষ’। প্রচলিত আছে, শ্রীকৃষ্ণের পিতা ছিলেন নন্দ ঘোষ। শৈশবে তাঁর চঞ্চল পুত্রের কারণে গ্রামবাসী বিচার নিয়ে আসতেন, এরপর যে কেউ যা-ই ঘটাতেন, সব দোষ পড়ত নন্দ ঘোষের ওপর। তুরস্কেও এমন একটি প্রবাদ পেলাম, ‘গুনাহ কেচিসি’, মানে অন্যের অপরাধ বা ভুলের দায় শুধু একজনের ওপরই চাপানো।
নদী-খাল-পাহাড় দখল, পাহাড় কাটা, সবুজ বিপ্লব, বিপজ্জনক রাসায়নিক অনুমোদন, প্লাস্টিক দূষণ, বিষাক্ত বাতাস, সিসা দূষণ, জলাভূমি ভরাট, প্রাকৃতিক বন কেটে আগ্রাসী গাছ, বাণিজ্যিক রাবার ও তামাক চাষ, কৃষিজমিতে বাণিজ্যিক চিংড়িঘের, চলনবিল বা হাওরে সড়ক, বহুজাতিক খনন, পাথর ও বালু সিন্ডিকেট, শিল্পবর্জ্যের দূষণ, বৃহৎ বাঁধ ও নদীর উজান-ভাটির প্রবাহ রোধ, অপরিকল্পিত নগরায়ণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হয়নি।
কিন্তু দেখা যায়, পরিবেশগত, সামাজিক ও রাজনৈতিকভাবে তৈরি এসব সংকট বয়ান ও উপস্থাপনের ক্ষেত্রে যাবতীয় জবাবদিহিকে আড়াল করে সব দায় ‘জলবায়ু পরিবর্তনের’ ঘাড়ে চাপানো হয়; বরং অসম ও জবাবদিহিহীন রাষ্ট্রকাঠামোর সৃষ্ট এসব সংকট জলবায়ু পরিবর্তনের কারণে আরও অসহনীয় ও জটিল হয়ে উঠছে। সব দোষ আড়াল করে জলবায়ুকে ‘নন্দ ঘোষ’ না বানিয়ে প্রমাণসমেত সত্যিকারের জলবায়ু অভিজ্ঞতাগুলো সামনে আনার ভেতর দিয়েই জলবায়ু-ন্যায্যতা নিশ্চিত হতে পারে।
আশার ছলনে দ্বিতীয় সপ্তাহও কি শেষ হবে
তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া বৈশ্বিক জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে অর্থায়ন, অভিযোজন, জ্বালানি রূপান্তর ও ন্যায়বিচার নিয়ে আলোচনা হয়। তবে উন্নয়নশীল ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থ পাওয়ার জটিলতা ও দূষণের জন্য দায়ী ধনী দেশগুলোর অর্থায়ন জবাবদিহির ঘাটতি ছিল প্রথম সপ্তাহের বড় সীমাবদ্ধতা। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বাধ্যতামূলক রূপরেখা, অভিযোজন অর্থায়ন, জ্বালানির ন্যায্য রূপান্তর কিংবা অভিযোজনের বৈশ্বিক লক্ষ্যমাত্রা নিয়ে কোনো ঐকমত্য হয়নি।
গত রোববার ছিল জলবায়ু সম্মেলনের ‘সাপ্তাহিক ছুটি’। ছুটির পর গতকাল সোমবার সম্মেলনের সপ্তম দিন শুরু হয়েছে। সাগর, মহাসাগর, প্রকৃতি, ভূমি এবং রিও সনদ সপ্তম দিনের আলাপের এজেন্ডা।
সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের গবেষণাপ্রতিষ্ঠান সিপিআরডির মো. শামসুদ্দোহা, ব্রাজিলের জলবায়ুকর্মী থালেস বেভিলাকুয়া মেনডকনা, ভারতের তরুণ জলবায়ুকর্মী রিজ্জুল মাদান এবং উগান্ডার জানেত নাতিফুর ব্লু জোনে এক আলাপে জানান, প্রথম সপ্তাহের মতো প্রতিশ্রুতিহীন কালক্ষেপণ দ্বিতীয় সপ্তাহেও অগ্রহণযোগ্য। অপতথ্য, মিথ্যা সমাধান প্যাকেজ আর ভুল বার্তা হাজির না করে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার তৎপরতা দৃশ্যমান হোক।
জলবায়ু অপতথ্য, বানোয়াট ও ভুল বার্তা
জলবায়ু সংকট মোকাবিলার নতুন বিপদ অপতথ্য এবং বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর প্রচারণা। আইপিসিসির (২০২২) প্রতিবেদনও জানায়, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে বহু অপতথ্য তৈরি হয়, যা জলবায়ুবিজ্ঞানের প্রমাণ ও বার্তার বিষয়ে অবিশ্বাস ও মেরূকরণ তৈরি করে। লেখক নাওমি অরেস্কাস ও এরিক কনওয়ের ‘মার্চেন্টস অব ডাবট’ এবং মাইকেল মানের ‘দ্য নিউ ক্লাইমেট ওয়ার’ বইয়ে দেখানো হয়েছে, করপোরেট প্রতিষ্ঠানগুলো কীভাবে নিজেদের দায় এড়াতে সন্দেহের মিথ্যা গল্প তৈরি করে।
বিগত বেলেম জলবায়ু সম্মেলনে জলবায়ু তথ্যের নির্ভরযোগ্যতা রক্ষায় আন্তর্জাতিক ঘোষণা গৃহীত হয়। আনতালিয়া জলবায়ু সম্মেলনেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপতথ্য, বিজ্ঞাপনে জীবাশ্ম জ্বালানির প্রভাব এবং ডিজিটাল স্বচ্ছতা নিয়ে আলাপ উঠেছে। গত শুক্রবার এআই, জলবায়ু অপতথ্য ও বিজ্ঞাপনের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয় এবং জার্মানি সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও সচেতনতার জন্য ২০ লাখ ইউরো তহবিলের ঘোষণা দেয়। পরদিন শনিবার এক অধিবেশনে বক্তারা বলেন, জলবায়ু অপতথ্য মানুষের আস্থা বিনষ্ট করে, জলবায়ু কার্যক্রম গ্রহণ বিলম্বিত হয় এবং পরিবেশগত নীতির পরিসরকে প্রভাবিত করে।
কার চোখে কার দুর্যোগবার্তা
‘বাংলাদেশ ডুবে যাবে’—এমন এক শঙ্কা তৈরি করা হয়েছিল উপকূলে। জাল টানা, কাঁকড়া ধরা, জমি চষা, মধু বা গোলপাতা সংগ্রহকারী মানুষেরা ভীষণ আতঙ্কিত হয়েছিলেন। ভেতরে–ভেতরে করুণ উদ্বাস্তুকরণও ঘটেছে। জলবায়ুবিষয়ক তথ্য আতঙ্ক বা উচ্ছেদের ক্ষেত্র প্রস্তুতের জন্য নয়; বরং বিপদ সামালের সামষ্টিক প্রস্তুতি ও অন্তর্ভুক্তিমূলক সক্ষমতাকাঠামো গড়ে তোলার জন্য।
প্রচলিত দুর্যোগবার্তার কাঠামো জেলেদের ক্ষুধার জ্বালাকে পাঠ করেনি। তাই এই পূর্বাভাসব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা ও অবিশ্বাসও বেড়েছে। পুরো প্রক্রিয়া রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর সঙ্গে জলবায়ু-দুর্গত নাগরিকদের এক অলিখিত ফারাক দীর্ঘতর করছে।
সুন্দরবন থেকে কক্সবাজার কিংবা হাওর থেকে বরেন্দ্রভূমি—বাংলাদেশের গ্রামীণ জনগণ আগাম দুর্যোগবার্তার প্রতি আস্থা রাখেন না কেন? দেখা গেছে, সিডর ও আইলার পর দুর্যোগ পূর্বাভাসগুলো তাঁদের জীবনে কেবল ‘আতঙ্ক ও হতাশাই’ তৈরি করেছে, কোনো কাঠামোগত সক্ষমতা গড়ে তোলেনি। রাষ্ট্র সর্বোচ্চ বিপদসংকেত দিয়ে খালাস। মাছ ধরার নৌকাকে বেকার বসিয়ে রাখতে হয়েছে। ঝড়ও হয়নি, মাছও ধরা হয়নি। প্রচলিত দুর্যোগবার্তার কাঠামো জেলেদের ক্ষুধার জ্বালাকে পাঠ করেনি। তাই এই পূর্বাভাসব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা ও অবিশ্বাসও বেড়েছে। পুরো প্রক্রিয়া রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর সঙ্গে জলবায়ু-দুর্গত নাগরিকদের এক অলিখিত ফারাক দীর্ঘতর করছে।
জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে জাতিসংঘের ‘আর্লি ওয়ার্নিং ফর অল’ শীর্ষক সম্মেলনে আবহাওয়ার পূর্বাভাস ও দুর্যোগের আগামবার্তা নিয়ে আলোচনা হয়। সম্মেলন উপলক্ষে বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের দুর্যোগঝুঁকি হ্রাসবিষয়ক প্রধান সংস্থার (ইউএনডিআরআর) প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ১৩৬টি দেশে বহু আগাম সতর্কব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত ও দুর্বল দেশগুলোতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সতর্কবার্তা পৌঁছানোর জন্য বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে পূর্বাভাসের মঞ্চ ক্রমে দখল করছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বাহাদুরি।
বিশ্বব্যাপী বহু প্রমাণ এবং জাতীয় ও আন্তর্জাতিক কাঠামোতে লোকায়ত আবহাওয়া ও দুর্যোগ জ্ঞানের স্বীকৃতি থাকলেও বাংলাদেশের আবহাওয়া ও দুর্যোগবার্তার কাঠামোতে এখনো তা কার্যকরভাবে যুক্ত হয়নি। অথচ বাংলাদেশ ‘খনার বচনের’ মতো দুনিয়ার এক সুপ্রাচীন লোকায়ত আবহাওয়াবিজ্ঞানের উত্তরাধিকার। ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্য দেশ’ কিংবা ‘যদি বর্ষে আগনে, রাজা যায় মাগনে’ খনার এমন আগামবার্তাগুলো সমকালে বহুবার প্রমাণিত হয়েছে। চাঁদ দেখে বৃষ্টির পূর্বাভাস কিংবা বাতাসের গতি দেখে ঋতুকাল বিচারের মতো তুরস্কেও ‘হাল্ক মেটেওরোলোজিসি’ নামের লোকায়ত আবহাওয়াবিদ্যার প্রচলন আছে।
এআই–নির্ভর পূর্বাভাস গড়ে তোলার চেয়ে লোকায়ত ও বিদ্যায়তনিক জ্ঞানের সমন্বয়ে জাতীয় পূর্বাভাসকাঠামো গড়ে তোলা জরুরি। কারণ, জলবায়ু জ্ঞান ও ব্যবস্থাপনার ওপর জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা জরুরি। এআইয়ের নিয়ন্ত্রিত অ্যালগরিদম ব্যবস্থা যেন দুর্যোগ জনব্যবস্থাপনা কাঠামোর ওপর নতুন কোনো উপনিবেশ তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
জলবায়ু-তথ্য: কার জিম্মায়, কার অধিকার
কার্বন নিঃসরণ তথ্যের ভেতরে সামরিক দূষণের তথ্য লুকিয়ে কি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে বৈশ্বিক উষ্ণতার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব? নির্মাণ, অবকাঠামো, কৃষি ও খাদ্যব্যবস্থা, বিনোদন খাত—সর্বক্ষেত্রের কার্বন নিঃসরণ এবং একই সঙ্গে গ্রামীণ জনগণের জলবায়ু অভিজ্ঞতার সংগ্রাম সমান স্বীকৃতি দিয়ে উপস্থাপন জরুরি। জলবায়ু সম্মেলনের প্রথম দিন ‘অবকাঠামো ও স্থাপত্য’–বিষয়ক এক অধিবেশনে ক্লিয়ার ইনিশিয়েটিভ প্রতিনিধি রাহুল গ্রোভার জানান, বাঁধ, সেতু ও বৃহৎ অবকাঠামো নির্মাণে সিমেন্টসহ যেসব উপকরণ ব্যবহৃত হয়, তা কতটুকু পরিবেশসম্মত, সেসব কার্বন ডেটা হিসাব করা দরকার।
এআই–নির্ভর পূর্বাভাস গড়ে তোলার চেয়ে লোকায়ত ও বিদ্যায়তনিক জ্ঞানের সমন্বয়ে জাতীয় পূর্বাভাসকাঠামো গড়ে তোলা জরুরি।
বহু বিদ্যায়তনিক গবেষণা, এনজিও কর্মসূচি ও গণমাধ্যমে জলবায়ু সংকটের বিবরণ এমনভাবে হাজির করা হয়, যেখানে কাঠামোগত বৈষম্য, পরিবেশগত সংকট এবং উন্নয়ন-অভিঘাতের বিষয়গুলো আড়ালে থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে সংঘঠিত অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিবরণ বোঝাতে বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে বসবাসরত মুন্ডা আদিবাসীদের ‘কারাম’গাছ হারিয়ে যাওয়ার কাহিনিকে উপস্থাপন করা হয়। সাতক্ষীরার শ্যামনগরের মুন্ডা গ্রামগুলোতে আলাপ করে এর সত্যতা মেলেনি। কারণ, কারাম লবণাক্ত উপকূলের গাছ নয়, দেশের উত্তরাঞ্চল ও চা–বাগানে এখনো বহু কারামগাছ সাঁওতাল, মুন্ডা, ওঁরাও জনপদে পবিত্র বৃক্ষ হিসেবে পূজিত হয়।
জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক জলবায়ুবিশেষজ্ঞ মো. হাফিজুর রহমানের সঙ্গে এ নিয়ে আলাপ হলো। তিনি বলেন, ‘আমার নিজের বাড়ি সাতক্ষীরায়, সেখানে কখনো কারামগাছ ছিল না, মুন্ডাদের মূল সমস্যা ভূমিহীনতা ও জীবিকার সংকট; লবণাক্ততার কারণে উপকূল থেকে বরং নারকেল ও খেজুরগাছ অনেক কমে গেছে।’
জলবায়ু ন্যায়বিচার প্রশ্নে জলবায়ু অপতথ্য ও বানোয়াট বিবরণ যাচাই–বাছাইয়ের জন্য স্থানীয় সরকার ও জনগণের মাধ্যমে শক্তিশালী জ্ঞানব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। আর এসব ক্ষেত্রে বাংলাদেশ অর্থায়ন আলাপের নতুন দরজা উন্মুক্ত করতে পারে।
