ইমরান খানের বোন আলিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করছে তাঁর দল। এর আগেই লাহোরে নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলিমা খানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার পিটিআই পাঞ্জাব শাখার একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। লাহোরের জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, জনসমক্ষে আলিমার উপস্থিতি জননিরাপত্তার জন্য তীব্র হুমকি তৈরি করবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গত শনিবার বলেন, বিক্ষোভ সমাবেশ ও লংমার্চ বন্ধ করতে যা যা করা প্রয়োজন, তার সবই করবে সরকার।
এদিকে আলিমা খানকে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনা হচ্ছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি এ ধরনের গ্রেপ্তারের ঘটনাকে ‘একেবারেই জঘন্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘২৭ তারিখের বিক্ষোভ নিয়ে স্পষ্টত ভীতির ছাপ দেখা যাচ্ছে।’