জেনারেল আসিম মুনির গত সপ্তাহে পরমাণু শক্তিধর পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন। নিঃসন্দেহে তিনি এখন দেশটির সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে ৫৭ বছর বয়সী এই সাবেক গোয়েন্দাপ্রধানের এখন গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।
মুনির এমন একসময় সেনাপ্রধানের দায়িত্ব নিলেন, যখন পাকিস্তান নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে একটি শক্তিশালী বিরোধী দল, যারা অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছে। রয়েছে অর্থনৈতিক সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশটির ইতিহাসে ভয়াবহ বন্যার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি। এ বছর দেশটিতে বন্যায় এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল।
মুনির দায়িত্ব নেওয়ার পর মোটা দাগে তাঁকে পাঁচটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছে আল-জাজিরা।
অভ্যন্তরীণ রাজনীতি
বিশ্লেষকেরা বলছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পদচ্যুত করার পর থেকে রাজনীতিতে যে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা চলছে, সবকিছুর আগে তা মোকাবিলা করতে হবে নতুন সেনাপ্রধানকে। চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ইমরান খান। তাঁর অভিযোগ—যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ষড়যন্ত্র করে তাঁকে সরানো হয়েছে। তবে ইসলামাবাদ ও যুক্তরাষ্ট্র দুই দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।
অবশ্য গত মাসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান নিজের অবস্থান থেকে সরে আসেন। বলেন, তিনি আর তাঁর অপসারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন না। তিনি আবার ক্ষমতায় এলে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক চান।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান রাজনীতিতে হস্তক্ষেপের জন্য সেনাবাহিনীর তীব্র সমালোচনা করলেও ইতিপূর্বে সেনাবাহিনীকে আগাম নির্বাচন করার আহ্বান জানিয়েছিলেন। অন্যথায় ২০২৩ সালের শেষের দিকে নির্বাচন করতে বলেছিলেন তিনি।
লাহোরভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক মাজিদ নিজামী বলেন, গত মাসে মুনিরের পূর্বসূরি কামার জাভেদ বাজওয়া তাঁর বিদায়ী বক্তৃতায় যা বলেছিলেন, তার পরে তাঁর মেয়াদকাল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
বাজওয়া উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেছিলেন, সেনাবাহিনী রাজনীতিতে আর হস্তক্ষেপ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, অতীতে যা কিছু ঘটেছে, তা অসাংবিধানিক।
নিজামি আল-জাজিরাকে বলেন, তাঁকে প্রথমে নিরপেক্ষ সেনাপ্রধান হিসেবে নিজের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে রাজনৈতিক অঙ্গনে বিনা প্রশ্নে তিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন।
ইসলামাবাদভিত্তিক থিঙ্ক ট্যাংক তাবাদলাবের মোশাররফ জাইদি বলেন, রাজনীতিতে সেনাবাহিনীর অনবরত হস্তক্ষেপ ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। তিনি বলেন, একজন নতুন সেনাপ্রধানের অধীনে সেনাবাহিনীকে অবশ্যই বিচার বিভাগ, প্রশাসন ও সংবাদ মাধ্যমের ওপর সংবিধানবহির্ভূত হস্তক্ষেপ, অবৈধ প্রভাব বিস্তার এবং ক্ষমতার অপব্যবহারের প্রবণতা পরিহার করতে হবে।’
জনগণের মধ্যে সেনাবাহিনীর ভাবমূর্তি
স্বাধীনতার ৭৫ বছরের মধ্য ৩০ বছরের বেশি সময় পাকিস্তানে সেনাশাসন ছিল। ক্ষমতায় থাকুক আর না-ই থাকুক, সেনাবাহিনী হচ্ছে অভ্যন্তরীণ যেকোনো বিষয়ের মূল নিয়ামক।
অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ওমর মাহমুদ হায়াত বলেন, সেনাসদস্যদের মনোবল বাড়ানো মুনিরের অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আল জাজিরাকে বলেন, ‘পেশাগত জায়গা থেকে আমরা অতীতে দেখেছি, ভাবমূর্তি সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্যতা ফেরাতে খুব সময় লাগে না।’
সাবেক প্রতিরক্ষা সচিব ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসিফ ইয়াসিন মালিক মনে করেন, ‘উপলব্ধিগত ব্যবস্থাপনা’ মুনিরের জন্য একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, তাঁর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, রাজনীতিতে সেনাবাহিনীর সম্পৃক্ততা বিষয়ে জনগণের উপলব্ধি দূর করতে কাজ করা। এটিই হচ্ছে তাঁর প্রথম কাজ যাতে তাঁকে কৌশলী হতে হবে। রাজনীতিতে সম্পৃক্ততা সেনাবাহিনীর কর্মক্ষম মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে।
আসিফ ইয়াসিন বলেন, বিশ্বে কী ঘটছে ও কী বলা হচ্ছে, সেটি হোয়াটঅ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখতে পারবে। তবে তাদের নিজেদের মিশন ও পেশাগত দায়িত্বের প্রতি মূল মনোযোগ থাকতে হবে।
টিটিপি হুমকি ও আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষজ্ঞ আবদুল সাইদ আল-জাজিরাকে বলেন, মুনিরের আরেকটি অন্যতম চ্যালেঞ্জ হবে সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) ক্রমাগত হুমকি মোকাবিলা।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের আদর্শের সঙ্গে অনেটা মিল থাকা টিটিপি গত সপ্তাহে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করেছে। কাবুলের মধ্যস্থতায় গত জুনে এই সংগঠনটির সঙ্গে পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি হয়।
যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়ে টিটিপি এক বিবৃতিতে বলেছে, তারা তাদের যোদ্ধাদের ‘পুরো দেশে’ নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছে। এই ঘোষণার দুই দিন পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে আত্মঘাতী হামলায় এক পুলিশসহ তিনজন নিহত হয়েছে। টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।
ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের এক হিসাবে বলা হয়, টিটিপি একাই পাকিস্তানে চলতি বছর ৭০টির বেশি হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছে।
পাকিস্তান দাবি করছে, টিটিপি আফগানিস্তানে আশ্রয় নিয়ে এ হামলা চালিয়েছে। অথচ তারা বলে আসছে, তাদের ভূমি ব্যবহার করে কাউকে অন্য দেশে হামলা চালাতে দেওয়া হবে না। ইসলামাবাদের দাবি কাবুলকে টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সাঈদ বলেন, পাকিস্তানি তালেবান আফগানিস্তানে আশ্রয় পেয়েছে, এটা স্পষ্ট। পাকিস্তানের কাছে এখন এই সমস্যা সমাধানের দুটি উপায় রয়েছে—একটি রাজনৈতিক ও অন্যটি সামরিক।
পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক এই বিশেষজ্ঞ আরও বলেন, ‘পাকিস্তান যদি সামরিক পথ বেছে নেয়, তা অনিবার্যভাবে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষতি করবে ও এর কৌশলগত উদ্দেশ্যকে ব্যাহত করবে। অন্যদিকে টিটিপি যাতে পাকিস্তানে হামলা চালাতে না পারে, সেটা নিশ্চিত করতে এবং টিটিপিকে নিয়ন্ত্রণে রাখতে তালেবানের ওপর চাপ সৃষ্টি করতে একটি বেসামরিক সমাধানের চেষ্টা করতে পারে।
ভারত
পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান ঐতিহাসিকভাবে চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। কাশ্মীর নিয়ে তাদের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। দুই দেশই নিজেদের মাটিতে সশস্ত্র হামলার জন্য প্রায়ই একে অন্যের সামরিক গোয়েন্দাদের দায়ী করে।
২০১৯ সালের শুরুর দিকে দুই দেশই একটি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। ভারতশাসিত কাশ্মীরে একটি প্রাণঘাতী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে সীমান্তের ওপারে বিমান হামলা চালিয়েছিল। এরপর থেকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়ে।
ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে এবং উপত্যকায় কয়েক মাস দমন-পীড়ন চালালে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। তাদের মধ্যে সব কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
দুই দেশই ২০০৩ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার কথা থাকলেও ২০২১ সালের মার্চ পর্যন্ত দুই দেশের হিমালয় সীমান্তে বারবার সংঘর্ষের ঘটনা ঘটে।
মুনির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানশাসিত কাশ্মীর পরিদর্শন করেন। সেখানে তিনি মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ভারত কখনই তাদের খায়েশ পূরণ করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে ভারসাম্য রক্ষা
পাকিস্তান ঐতিহাসিকভাবে ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, দুই প্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলা মুনিরের জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে।
কিন্তু গত এক দশক বা তার বেশি সময় ধরে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ চীনের ওপর পাকিস্তানের নির্ভরতা বাড়ছে। দেশজুড়ে অনেক প্রকল্পে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।
ইতিপূর্বে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের শীতল সম্পর্ক দেখা গেছে। তবে ইমরান খানের সময়কার এ অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দায়িত্বে থাকাকালে গত কয়েক মাসে সাবেক সেনাপ্রধান বাজওয়া চীন ও যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।
সাবেক প্রতিরক্ষা সচিব মালিক আল-জাজিরাকে বলেন, কে আমাদের বন্ধু হবে না-হবে, তা নিয়ে চীন কখনো নাক গলায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর এ ধরনের সমস্যা আছে।
ইসলামাবাদভিত্তিক পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ ফয়সাল মনে করেন, বেইজিং ও ওয়াশিংটন থেকে আসা ‘প্রতিযোগিতামূলক চাপ’ সামলে একটা ভারসাম্য ফিরিয়ে আনতে মুনিরকে অবশ্যই একটি পথ বের করতে হবে।
মোহাম্মদ ফয়সাল বলেন, পাকিস্তান দুই দেশ থেকেই সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়ে থাকে। প্রধান দুই ঋণদাতা দেশের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পেতে মুনিরকে একটি উপায় খুঁজে বের করতে হবে।
অবশ্য তাবাদলাবের জাইদি বলেন, সামরিক বাহিনীর উচিত ‘সরকারের বৈদেশিক নীতি’কে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত এবং পররাষ্ট্রনীতিতে খবরদারির মানসিকতা থেকে নিজেদের দূরে রাখতে হবে।’