হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার কারাগারে ইমরান খান
কয়েক ঘণ্টা হাসপাতালে কাটানোর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে আজ শুক্রবার জানিয়েছেন তাঁর দলের একজন মুখপাত্র।
সুপ্রিম কোর্টের চলতি সপ্তাহের এক আদেশের পর গতকাল গভীর রাতে ৭৩ বছর বয়সী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে রাওয়ালপিন্ডি সেনানিবাস এলাকার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র।
রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে দাবি ইমরান খানের। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী এই নেতার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।
কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন বলে দাবি তাঁর আইনজীবীদের। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মেডিক্যাল রিপোর্টে এমন কোনো শারীরিক জটিলতা পাওয়া যায়নি, যার জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন আছে।
এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এক আদেশে ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিক্যাল বোর্ডের অধীন তাঁর চিকিৎসার সুযোগ করে দিতে বলেন।