ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন।
স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান। আদালতে হাজির হওয়ার পর বায়োমেট্রিকের কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।
ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় ইমরান খানকে গ্রেপ্তার করেছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো—ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।
পরদিন বুধবার বিশেষ আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এ মামলায় ইমরান খানকে আট দিনের রিমান্ড দেন।
ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাঁকে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়।