ইমরান খানের আরও দুই বোন গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বোন আলিমা খান সমর্থকদের সঙ্গে। রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের বাইরেফাইল ছবি : রয়টার্স

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোনকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নোরিন নিয়াজি ও উজমা খান। এর আগে গতকাল রোববার তাঁদের আরেক বোন আলিমা খানকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পিটিআইয়ের এর মুখপাত্র জুলফি বুখারি এক্সে এক বার্তায় জানিয়েছেন, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তাঁর ভাগনে-ভাগনি এবং তাদের সন্তানদের তুলে নিয়ে গেছে।

পিটিআইয়ের তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে বলেন, ‘খান সাহেবের বোনদের এবং তাঁদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল, তবে পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, ইমরান খানের তিন বোনকেই লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশের পরামর্শে ৩-এমপিও ধারায় লাহোরের ডেপুটি কমিশনার এই গ্রেপ্তারের নির্দেশ জারি করেন। ইমরান খানের দুই বোনকে ৩০ দিনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর নোরিন ও উজমাকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই আগে থেকে বন্দী রয়েছেন তাঁদের বোন আলিমা খান।

আরও পড়ুন

ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে লংমার্চসহ দেশব্যাপী পিটিআইয়ের কর্মসূচির আগেই তাঁদের গ্রেপ্তার করা হলো। এর আগে একটি সূত্র জানায়, লাহোর থেকে আলিমার দুই ছেলে শাহরেজ খান ও শের শাহকেও হেফাজতে নেওয়া হয়েছিল। তবে অল্প সময় আটকে রাখার পর আলিমার দুই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী রানা মুদাসসির।

আরও পড়ুন

ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা কারা বন্দী রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয় ইমরানের নেতৃত্বাধীন জোট সরকার। ফলে ইমারন ক্ষমতাচ্যুত হন।এরপর তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে, কারাদণ্ডাদেশও হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী তিনি।