আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করবে পাকিস্তান-চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং (বাঁয়ে), পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (মাঝে) ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (ডানে)। গত শনিবার ইমলামাবাদে।
ছবি: এএফপি

শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আফগানিস্তানকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন ও পাকিস্তান। গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন তিন দেশের নেতারা। এ বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন তাঁরা। বৈঠকে সংঘাত-বিধ্বস্ত আফগানিস্তান যাতে স্থিতিশীলতার দিকে যাত্রা শুরু করতে পারে, সে জন্য পাশে থাকার আশ্বাস দিয়েছে বেইজিং ও ইসলামাবাদ।

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের পাকিস্তান সফর এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ইসলামাবাদ এবং বেইজিংয়ের গভীর আগ্রহের বিষয়টিকে তুলে ধরেছে। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে চীনের এই ত্রিপক্ষীয় বৈঠককে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, বেইজিং সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবকে কাছাকাছি আনতে সফলভাবে কাজ করেছে। চীনের মধ্যস্থতার বিষয়টি বিবেচনায় ধরলে ইসলামাবাদের বৈঠকটির যথেষ্ট তাৎপর্য রয়েছে।

দ্বিপক্ষীয় দিক থেকে বিবেচনা করলেও এ বৈঠককে ইসলামাবাদ ও বেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বেইজিংয়ের অবস্থান ও ইসলামাবাদের প্রতি বেইজিংয়ের সমর্থনকে স্বাগত জানান।

এটি ছিল পঞ্চম ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের সংলাপ। এতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি অংশ নেন। তাঁরা রাজনৈতিক সম্পৃক্ততা, সন্ত্রাসবাদ, বাণিজ্য এবং সংযোগসহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন।

দীর্ঘদিন ধরে আমির খান মুত্তাকির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ১ মে পাকিস্তানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমির খান মুত্তাকিকে পাকিস্তান সফরের অনুমতি দেয়।

চীন ও পাকিস্তানের চতুর্থ দফার কৌশলগত সংলাপের পর তিন দেশের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, সংযোগ এবং সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। কৌশলগত সংলাপে এ বিষয়ে জোর দেওয়া হয়। বিলাওয়াল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ আফগানিস্তানের জন্য সবার সঙ্গে কাজ চালিয়ে যাব। আফগান কর্তৃপক্ষের সঙ্গে জড়িত হওয়া আবশ্যক ছিল। তাদের প্রতি ধারাবাহিক বার্তা থাকবে, আমাদের সাহায্য করে নিজেকেও সাহায্য করুন।’

বিলাওয়াল আরও বলেন, আফগানিস্তানের সম্ভাবনাকে উন্মোচন করা দেশটির জনগণের সুবিধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির স্থিতিশীলতা ও শান্তি অর্জনের জন্য অপরিহার্য। মূল বিষয় ছিল সন্ত্রাসবাদ মোকাবিলা করা। সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। আফগান জনগণের উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে।

ভারতের গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গে বিলাওয়াল বলেন, তাঁরা এসসিওর কাঠামোর মধ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এসব প্রকল্প আফগানিস্তানের নিরাপত্তা ইস্যুর কারণে ঝুলে গেছে।

এক চীন নীতি

পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বিলাওয়াল বলেন, দুই দেশ দশকের পর দশক ধরে পরস্পরকে সহযোগিতা করে এসেছে, যা ভবিষ্যতেও চলবে। তিনি পাকিস্তানের পক্ষ থেকে চীনের সব মূল নীতিকে সমর্থন দেওয়ার কথা বলেন। এর মধ্যে এক চীন নীতি, তাইওয়ান, তিব্বত, জিনজিয়াং, হংকং ও দক্ষিণ চীন সাগর নীতিতেও পাকিস্তানের সমর্থনের কথা বলেন তিনি।

বিলাওয়াল ভুট্টো জারদারি তাঁর দেশের অর্থনৈতিক দুর্দশায় চীনের সময়োপযোগী সহযোগিতার জন্য চীনের নেতাদের ধন্যবাদ দেন।

অন্যদিকে চীনের পক্ষ থেকেও পাকিস্তানকে সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের পক্ষ থেকে ভূরাজনৈতিক দ্বন্দ্ব, আন্তর্জাতিক অশান্তি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জের সময় পাকিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি চীনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করেন। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার কথাও বলেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে কিন বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগে কৌশলগত সহযোগিতা জোরদার হবে। তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপ প্রসঙ্গে বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে সাহায্য করবে এ সংলাপ। তিনি আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে চীনের সমর্থনের কথা জানান। এ ছাড়া দেশটিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে মধ্যপন্থা নীতি গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া আফগানিস্তানের দুর্দশা দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান কিন।

আরও পড়ুন