কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টারে গুলির ঘটনায় তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা
হেলিকপ্টারে করে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজ। হঠাৎই শুরু হয় গোলাগুলি। গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রেসিডেন্ট ইভান ও তাঁর সফরসঙ্গীরা। এই হামলার পেছনে জড়িতদের বিষয়ে তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি গত শুক্রবারের। প্রেসিডেন্ট ইভান কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে গিয়েছিলেন। এই সময় কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাদেশিক গভর্নর তাঁর সঙ্গে ছিলেন। সফরকালে গুলির মুখে পড়ে প্রেসিডেন্ট ইভানকে বহনকারী হেলিকপ্টার।
তবে এই হামলার পেছনে কে বা কারা জড়িত, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি। গতকাল টুইটারে পোস্ট করা ভিডিওতে প্রেসিডেন্ট ইভান বলেছিলেন, এই হামলার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এরপরই পুরস্কার ঘোষণার বিষয়টি জানিয়েছেন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো। তিনি বলেন, ‘প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে হামলার পেছনে কে জড়িত সেটা আমরা জানি না। এই বিষয়ে কেউ কোনো তথ্য জানলে সেটা কর্তৃপক্ষকে জানান। তথ্যদাতা ৩ বিলিয়ন পেসো বা ৭ লাখ ৯৬ হাজার ডলার পুরস্কার পাবেন।’
এদিকে কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটো রাইফেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি একে-৪৭ রাইফেল। অন্যটি ৭.৬২ ক্যালিবারের রাইফেল। দেশটির পুলিশ প্রধান জেনারেল জর্জ ভারগাস বলেন, ‘এই ধরনের রাইফেল ভেনেজুয়েলার সেনারা ব্যবহার করে। তবে এই হামলার পেছনে কে বা কারা জড়িত, তা আমরা জানি না। তাই এই বিষয়ে আগাম কিছু বলা যাবে না।’
কলম্বিয়ার সীমান্ত এলাকার ওই প্রদেশ বামপন্থী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ভূমি ও সম্পদ বণ্টনের বৈষম্যের বিরুদ্ধে ১৯৬৪ সাল থেকে লড়ছে সংগঠনটি। কলম্বিয়া সরকার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। প্রেসিডেন্ট ইভানকে বহনকারী হেলিকপ্টারে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।