ইতিহাসের এই দিনে
স্পেনের বিরুদ্ধে বলিভারের জয়
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৭ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ভেনেজুয়েলার জেনারেল সাইমন বলিভার ইউরোপীয় শক্তি স্পেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিলেন। ১৮১৯ সালের ৭ আগস্ট বোয়াসার যুদ্ধে জয় পান বলিভার। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়া স্বাধীনতার পথে একধাপ এগিয়ে যায়। দেশ দুটির স্বাধীনতার মহানায়ক বিবেচনা করা হয় সাইমন বলিভারকে। শুধু তাই নয়, উপনিবেশমুক্ত লাতিন আমেরিকা গড়ার পথে এই জয়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
সাঁতরে যুক্তরাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়নে
সময়টা ১৯৮৭ সাল। স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। চরম বিরোধে জড়িয়ে রয়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। এর মধ্যে ৭ আগস্ট একটি অনন্য কীর্তি গড়েন মার্কিন সাঁতারু লিন কক্স। তিনি যুক্তরাষ্ট্র থেকে সাঁতরে সাবেক সোভিয়েত ইউনিয়নে পৌঁছান। দুই দেশের মধ্যে সাঁতার কাটা প্রথম ব্যক্তি তিনি।
১ হাজার ৩০০ ফুট উঁচুতে হাঁটা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থার সুউচ্চ দুই জোড়া ভবনের মাঝখানে টানানো হয় বিশেষ দড়ি। আর সেটার ওপর দিয়ে হেঁটে এক ভবন থেকে আরেকটিতে যান ফরাসি নাগরিক ফিলিপ পেতিত। এর মধ্য দিয়ে বিশেষ একটি কীর্তি গড়েন ফিলিপ। কেননা, দড়িটি টানানো হয়েছিল ৪০০ মিটার বা প্রায় ১ হাজার ৩১২ ফুট ওপরে। এত উঁচুতে দড়ির ওপর দিয়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
বিশ্বযুদ্ধে কোডিং ভাষার ব্যবহার
তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের বিরুদ্ধে লড়ছেন মার্কিন সেনারা। ১৯৪২ সালের ৭ আগস্ট মার্কিন মেরিন সেনাদের একটি দল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াদালকানেলে অবতরণ করেন। এই দলে ১৫ জন ‘নাভাজো কোড টকার’ ছিলেন। যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনারা যে সাংকেতিক ভাষায় বার্তা পাঠাতেন, তার অর্থ উদ্ধার করা ছিল এই ইউনিটের কাজ। এর ফলে জাপানিরা মার্কিন সেনাদের সেসব সাংকেতিক বার্তার অর্থ বুঝতে পারত না।
শার্লিজ থেরনের জন্মদিন
চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অস্কার পেয়েছেন তারকা অভিনেত্রী শার্লিজ থেরন। প্রযোজনার সঙ্গেও জড়িত তিনি। হলিউডপাড়া থেকে শুরু করে বিশ্বব্যাপী নামডাক তাঁর। ভক্তেরও অভাব নেই। দক্ষিণ আফ্রিকান-আমেরিকান অভিনয়শিল্পী থেরন জন্মেছিলেন ১৯৭৫ সালের এ দিনে।