১১২ বছর আগে ট্রাম্পের মতোই অল্পের জন্য বেঁচেছিলেন এই প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালে শনিবার হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনিই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট নন, যিনি প্রচারাভিযানে হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। শতাব্দীর বেশি আগে ১৯১২ সালে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে একইভাবে বন্দুকধারীর হামলার শিকার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। গুলিবিদ্ধ অবস্থায়ই সমাবেশে বক্তব্য দেন তিনি।
ট্রাম্পের মতোই রুজভেল্টও তখন নতুন করে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন। রুজভেল্ট গুলিবিদ্ধ হওয়ার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনজন প্রেসিডেন্ট হত্যার শিকার হন। তাঁদের মধ্যে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলেও আছেন। রুজভেল্ট তাঁর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ম্যাককিনলে নিহত হওয়ার পর রুজভেল্ট প্রেসিডেন্ট হন।
প্রায় দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে স্বেচ্ছায় প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে গিয়ে ১৯০৮ সালে থিওডর রুজভেল্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি ছিলেন না। তিনি উত্তরসূরি উইলিয়াম হাওয়ার্ড টাফটকে নির্বাচিত হতে সহযোগিতা করেছিলেন। পরের চার বছরে দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে রুজভেল্ট পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে টাফটের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেন।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ১৯১২ সালের ১৪ অক্টোবর রুজভেল্ট মিলওয়াকিতে যান। সেখানে রাতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। রুজভেল্ট গিলপ্যাট্রিক হোটেল থেকে রওনা হতেই জন শ্রাঙ্ক নামের এক ব্যক্তি তাঁর সামনে এসে গুলি চালান। ঘটনাস্থলে উপস্থিত কয়েক ব্যক্তি হামলাকারীকে জাপটে ধরেছিলেন। তবে উত্তেজিত জনতাকে থামিয়ে ওই ব্যক্তির জীবন রক্ষা করেন রুজভেল্ট।
তবে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে টাফটের কাছে হেরে যান রুজভেল্ট। মনোনয়ন না পেয়ে রুজভেল্ট দল থেকে সরে যান ও প্রগ্রেসিভ পার্টি নামে আলাদা দল গড়ে তোলেন। প্রগ্রেসিভ পার্টি ‘বুল মুজ পার্টি’ নামেও পরিচিত। টাফট এবং নিউজার্সিতে তৎকালীন ডেমোক্রেটিক গভর্নর উড্রো উইলসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রুজভেল্ট দলটি গড়ে তোলেন।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ১৯১২ সালের ১৪ অক্টোবর রুজভেল্ট মিলওয়াকিতে যান। সেখানে রাতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। রুজভেল্ট গিলপ্যাট্রিক হোটেল থেকে রওনা হতেই জন শ্রাঙ্ক নামের এক ব্যক্তি তাঁর সামনে এসে গুলি চালান। ঘটনাস্থলে উপস্থিত কয়েক ব্যক্তি হামলাকারীকে জাপটে ধরেছিলেন। তবে উত্তেজিত জনতাকে থামিয়ে ওই ব্যক্তির জীবন রক্ষা করেন রুজভেল্ট।
তখন রুজভেল্টের বয়স ছিল ৫৩ বছর। তাঁর বুকপকেটে চশমার একটি ধাতব খাপ ছিল। তাঁর বক্তব্য লেখা কাগজগুলোও রাখা ছিল বুকপকেটেই। ৫০ পৃষ্ঠার বক্তৃতার কপিটি ভাঁজ করা থাকায় এটি ১০০ পৃষ্ঠার সমান পুরু হয়ে গিয়েছিল। ভাঁজ করা কাগজ আর চশমার খাপের কারণে গুলি এসে তাঁর বুকে সেভাবে বিঁধতে পারেনি। তবে গুলির যতটুকু আঘাত লেগেছিল, তাতে রুজভেল্ট বুকে হাত দিয়ে দেখেন, রক্ত ঝরছে। বুকে হালকা ক্ষত হয়েছে বুঝতে পারেন।
সহযোগীরা রুজভেল্টকে তখনই হাসপাতালে নিতে চেয়েছিলেন; কিন্তু রাজি হননি। আগে অনুষ্ঠানস্থলে গিয়ে বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে উপস্থিত জনতার উদ্দেশে রুজভেল্ট বলেন, ‘মাত্রই আমি গুলিবিদ্ধ হয়েছি, কথাটি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন কি না, জানি না। তবে প্রগ্রেসিভ পার্টির একজন সদস্যকে হত্যা করতে আরও বেশি কিছু করতে হবে।’
স্বাভাবিক সময়ের মতো সেদিন দীর্ঘ সময় বক্তৃতা দিতে না–ও পারেন উল্লেখ করে আগেই ক্ষমা চেয়ে নেন রুজভেল্ট। এরপর তিনি ৯০ মিনিটের বক্তৃতা দেওয়া শুরু করেন। বক্তৃতা শেষে হাসপাতালে যেতে রাজি হন তিনি। গুলিটি তাঁর হৃৎপিণ্ড বরাবর এসে থেমে গিয়েছিল।
হামলাকারী শ্র্যাঙ্ক একাই ওই হামলা চালিয়েছিলেন। তিনি কোনো নেটওয়ার্কে যুক্ত ছিলেন না। রুজভেল্টকে গুলি করার পর শ্র্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি কাজটি করেছেন।
শ্র্যাঙ্ক কর্তৃপক্ষকে বলেছিলেন, কোনো ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার যে রীতি জর্জ ওয়াশিংটন চালু করেছিলেন, তা লঙ্ঘন করা থেকে রুজভেল্টকে থামানোটা তাঁর দায়িত্ব। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে ২২তম সংশোধনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নিয়ম কার্যকর করার অনেক আগের ঘটনা এটি।
তবে গুলিবিদ্ধ অবস্থায় বক্তব্য দিয়ে রুজভেল্ট সেদিন বেশ মনোযোগ কাড়লেও সেবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। তিনি নির্বাচনে টাফটের চেয়ে এগিয়ে ছিলেন ঠিকই, তবে রিপাবলিকানদের ভোট দুই ভাগে ভাগ হয়ে যাওয়ায় উড্রো উইলসনের কাছে পরাজিত হন। রুজভেল্টও পরাজয় মেনে নিয়েছিলেন।