নিষেধাজ্ঞা তুলুন, সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন—ট্রাম্পকে আদালতের আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার একজন মার্কিন ফেডারেল বিচারক এ আদেশ দেন।
আদালত বলেছেন, তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢুকতে না দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ‘সম্ভবত অসাংবিধানিক’।
সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ বেশ পুরোনো। সেই বিরোধ নতুন মাত্রা পায়, যখন তিনি সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।
এখন ডিস্ট্রিক্ট বিচারক টিম কেলির এ আদেশকে সংবাদমাধ্যমের সঙ্গে চলমান বিরোধে ট্রাম্পের ওপর বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।
১৮ সেপ্টেম্বর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় সংবাদমাধ্যমগুলো।
বিচারক টিম কেলি ট্রাম্প প্রশাসনকে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি পরবর্তী ১৪ দিনের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করা বন্ধ রাখতে বলেছেন।
ট্রাম্প প্রশাসন বলেছিল, জাতীয় নিরাপত্তার কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচারক অবশ্য সেই যুক্তি নাকচ করে দিয়েছেন।
টিম কেলি বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা রক্ষা হবে—এমন কোনো তথ্যপ্রমাণ আদালতের কাছে নেই। আবার প্রেস পাস ফিরিয়ে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে—এমন প্রমাণও নেই।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউস এবং ওই তিনটি সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
এর আগে ওই তিনটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে লেখা বা প্রতিবেদন করার সময় তাদের ক্রমাগত মিথ্যা ও মনগড়া লেখার সুযোগ থাকা উচিত নয়।’
ট্রাম্প আরও লেখেন, ‘ভুয়া খবর প্রচার করা অন্যান্য সংবাদমাধ্যমের তালিকাও আসছে।’
এ সময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ভুয়া খবর প্রচার করা অন্যান্য সংবাদমাধ্যম কোনগুলো। তখন ট্রাম্প ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের নাম উল্লেখ করেন। ভবিষ্যতে এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন তিনি।