তুষারে ঢেকেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, সাড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

তুষারঝড়ের বরফে ঢেকে গেছে রেস্তোরাঁর চেয়ার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায়ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় গতকাল সোমবার একটি প্রবল শীতকালীন ঝড় আঘাত হেনেছে। রেকর্ড তুষারপাতে বাধাগ্রস্ত হয়েছে লাখো মানুষের জীবন। বাতিল করা হয়েছে হাজারো উড়োজাহাজের চলাচল।

রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের বড় একটি অংশ ৩৭ ইঞ্চি বা প্রায় ৯৪ সেন্টিমিটার পুরু তুষারে ঢাকা পড়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি পুরু তুষার জমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরটিতে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন। রাষ্ট্রীয় একটি সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, নিউইয়র্কে এখন এমন পরিস্থিতি, সেখানে চলাচল করা ‘কার্যত অসম্ভব’ হয়ে দাঁড়িয়েছে।

ঝড় আর ব্যাপক তুষারপাতের জেরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ছয় লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজার্সি ও ম্যাসাচুসেটস।

উত্তর ক্যারোলাইনা থেকে নর্থ মেইন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছিল। এ ছাড়া পরে কানাডার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ উত্তরাংশে এই সতর্কতা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, সোমবারও তুষারপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ উত্তর-পূর্ব উপকূলের কাছাকাছি কিছু এলাকায় ১–২ ফুট বা প্রায় ৬১ সেন্টিমিটার পুরু তুষার জমতে পারে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডে ঝড়ের সময় সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অঙ্গরাজ্যটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী তুষারঝড় এটি।

অঙ্গরাজ্যের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি পুরু তুষার জমেছে। এটা অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের রেকর্ড। এর আগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে সেখানে ২৮ দশমিক ৬ ইঞ্চি পুরু তুষার জমেছিল।

বোস্টনে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ক্যান্ডিস হ্রেন্সসিন তুষারপাতের ভয়াবহতা নিয়ে নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘অন্য সবার মতো আমরাও অবাক হয়ে গিয়েছি।’

রোড আইল্যান্ড ও পার্শ্ববর্তী কানেকটিকাটে ‘প্রয়োজন ছাড়া ভ্রমণের’ ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হ্যালি সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন।

মাউরা অনলাইন পোস্টে বলেন, ‘আমি দক্ষিণ-পূর্ব ম্যাসাচুসেটসে প্রয়োজন ছাড়া গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছি। সেই সঙ্গে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় ৪০ মাইলে (প্রায় ২৫ কিলোমিটার) কমিয়ে আনা হয়েছে।’

আরও পড়ুন

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ছেড়ে যেতে চাওয়া কিংবা অবতরণে ইচ্ছুক ৫ হাজার ৭০৬টির বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে।

ওয়েবসাইটটি বলেছে, নিউইয়র্কের লাগার্ডিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ৯৮ শতাংশ ও জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৯১ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল হয়েছে। এসব বিমানবন্দর দিয়ে প্রতিদিন ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ চলাচল করেন। দুটি জায়গাতেই প্রায় ১৫ ইঞ্চি বা ৩৮ সেন্টিমিটার পুরু তুষার জমেছে।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়নের কথা থাকা প্রায় ৯২ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরের ৯২ শতাংশ এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৮০ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে।