যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন সহ্য করা হবে না: ভারতকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ভারতীয় তিন নাবিক নিহত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করফাইল ছবি: রয়টার্স

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না বলে ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে ভারতের পক্ষ থেকে অতিসম্প্রতি ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে চলতে হবে।

যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন ও অবৈধভাবে ইরানের তেল পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।
মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন ও অবৈধভাবে ইরানের তেল পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।

এর আগে গত শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে তিনি ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ চলার মধ্যে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর লিখেছেন, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনি আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের প্রতিবাদের কথা জানিয়েছেন। বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

সরকারি সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ওই হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে ভারত। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করা হলো।

এক্সে জয়শঙ্কর লিখেছেন, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনি আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের প্রতিবাদের কথা জানিয়েছেন। বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের তেল পরিবহনের চেষ্টা করায় হামলা চালিয়ে তিনটি জাহাজ বিকল করে দেওয়া হয়েছে। জাহাজগুলো হলো—গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এম/টি জলবীর’, পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার ‘এম/টি ম্যারিভেক্স’ এবং ‘এম/টি সেত্তেবেলো’।

আরও পড়ুন