ইরানের সঙ্গে বাণিজ্য করলে বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিছবি: এএফপি

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য চালিয়ে যাবে, তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এ–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

ওই আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে তা সুনির্দিষ্ট করা বলা হয়নি। তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘যেকোনো দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রে এমন পণ্য আমদানি করলে শুল্ক প্রযোজ্য হবে, যারা সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য বা সেবা কেনে বা অন্য কোনোভাবে অর্জন করে।’

ট্রাম্প এখনো ওই নির্বাহী আদেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার মার–আ–লাগোতে যাওয়ার সময় তিনি আবারও বলেন, ‘ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’
এমন এক সময় ট্রাম্প এ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যখন ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।

গতকাল ওই আলোচনা শেষে উভয় দেশের প্রতিনিধিরা ‘ইতিবাচক মনোভাব’ দেখিয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহজুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর গতকাল ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আলোচনার জন্য ওমানের রাজধানী মাসকটে যান। অন্যদিকে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন