আমেরিকার বিভক্তি নিয়ে ট্রাম্পের স্বীকারোক্তি
রিপাবলিকান পার্টির দ্বিতীয় দফা মনোনয়ন নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বিভক্তিকেই তুলে ধরেছেন। তাঁর বক্তৃতার সময় হোয়াইট হাউসের বাইরে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ চলছিল। সড়কপথে মানুষ সংখ্যায় কম ছিল। তবে ট্রাম্প–সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
হোয়াইট হাউসের দক্ষিণ লন থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, জো বাইডেন নির্বাচিত হলে গত চার বছরের সব অর্জন হুমকির মুখে পড়বে। আমেরিকা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বিভক্ত।
আগামী নভেম্বরের নির্বাচন আমেরিকার জনগণের জন্য আদর্শিক লড়াই। হয় আমেরিকার ভাবাদর্শ রক্ষা পাবে, নয় নৈরাজ্যবাদীরা আমেরিকাকে ধ্বংস করে দেবে। নির্বাচনে এর একটাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২৪ আগস্ট থেকে রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী সম্মেলন গতকাল বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। পুরো সম্মেলনেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে বাম নৈরাজ্যবাদীদের প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে। ট্রাম্প পরিবারের ছয় সদস্য এই কনভেনশনে বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্রের বিভক্তির রাজনীতিতে চিহ্নিত রক্ষণশীল লোকজনের আধিপত্য ছিল এই কনভেনশনে। নারী ও কৃষ্ণাঙ্গদের আকৃষ্ট করতে বক্তাদের তালিকায় এই দুটি পক্ষকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে থেকে দলীয় কার্যক্রম চালানোর মধ্য দিয়েও সমালোচনায় পড়েছেন। করোনাভাইরাসে গত ছয় মাসে আমেরিকায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যুর দায় নিয়ে তিনি তেমন কোনো কথা বলেননি। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে তাঁর প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করা হচ্ছে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে। এর কোনো কার্যকর জবাব না দিয়ে আমেরিকার সর্বত্র জেগে ওঠা নাগরিক আন্দোলনকে নৈরাজ্যবাদী কার্যক্রম বলে তিনি উল্লেখ করেছেন। ট্রাম্প তাঁর বক্তৃতায় এই আন্দোলনের সঙ্গে লুটপাট ও সহিংসতার কড়া সমালোচনা করে মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত জো বাইডেনকে বাক্যবাণে উপর্যুপরি আক্রমণের চেষ্টা করেছেন।
হোয়াইট হাউসের দক্ষিণ লনে নির্মিত মঞ্চের পেছনে আমেরিকার বেশ কিছু পতাকা উড়ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে, তাঁর অন্যতম উপদেষ্টা, ইভাঙ্কা ট্রাম্প মঞ্চে আসেন। ইভাঙ্কা তাঁর বাবার উদ্দেশে বলেন, ‘প্রথাবিরোধী হওয়ার জন্য তোমাকে অনেকেই আক্রমণ করে বাবা। একজন প্রকৃত কার্যকর মানুষ হিসেবে আমি তোমাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’ ইভাঙ্কা ট্রাম্প চার বছরে তাঁর বাবার অর্জনের নানা ফিরিস্তি দেন। তিনি বলেন, ওয়াশিংটন ট্রাম্পকে বদলায়নি। ট্রাম্পই ওয়াশিংটনকে বদলে দিয়েছেন।
প্রথাবিরোধী হওয়ার জন্য তোমাকে অনেকেই আক্রমণ করে বাবা। একজন প্রকৃত কার্যকর মানুষ হিসেবে আমি তোমাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।
জো বাইডেনের ৪৭ বছরের রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করে ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, ৪৭ বছরে বাইডেনরা দেশের যে ক্ষতি করেছেন, তিনি গত চার বছরে তা পুনরুদ্ধার করেছেন। নিজেকে আমেরিকার ভাবাদর্শের শেষ প্রতিরক্ষা উল্লেখ করে ট্রাম্প বলেন, জো বাইডেন ও তাঁর ডেমোক্রেটিক পার্টি আমেরিকাকে বারবার বর্ণবাদ এবং সামাজিক অর্থনৈতিক ব্যভিচারের দেশ হিসেবে পরিচিত করে তুলছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের সীমানাদেয়ালের ভেতর থেকে বক্তব্য দিচ্ছিলেন, তখন বাইরে হাজারো মানুষের প্রতিবাদী স্লোগান চলছিল। পরদিন মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতার বর্ষপূর্তি। সমাবেশে যোগ দিতে জড়ো হওয়া লোকজন এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। ১৯৬৩ সালের ২৮ আগস্ট হোয়াইট হাউসের অদূরে লিংকন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে মার্টিন লুথার কিং বক্তব্যটি দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য চলার সময় বিক্ষোভকারীরা জোরে স্লোগান দিতে থাকে হোয়াইট হাউস–সংলগ্ন সড়কপথ থেকে। সড়কপথের গাড়িগুলো হর্ন বাজাতে থাকে অবিরাম। দক্ষিণ লনের বক্তৃতা মঞ্চ থেকে জনগণের এ প্রতিবাদ শোনা গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ক্ষোভ প্রশমনের জন্য কিছু বলেননি। বলেছেন, আদর্শিকভাবেই আমেরিকা আজ বিভক্ত হয়ে উঠেছে। আমেরিকার জনগণকে এসব নৈরাজ্যকারীর হাত থেকে রক্ষা করার জন্য তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে কর্মহীনতা এখনো চরম পর্যায়ে। মুখে বললেও আমেরিকার অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তাঁর বক্তৃতায় বলেছেন, জো বাইডেন আমেরিকার কর্মসংস্থান ধ্বংসের লোক।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতার আগেই জো বাইডেনের একটি বক্তৃতা সংবাদমাধ্যমে চলে আসে। এ বক্তৃতায় জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প আরও সহিংসতা কামনা করছেন। বাইডেন বলেন, ট্রাম্প মনে করছেন, এসব সহিংসতা দেখিয়ে আমেরিকার লোকজনকে বিভ্রান্ত করা যাবে, ভোটে সুবিধা পাওয়া যাবে।
গতকাল রাতে হোয়াইট হাউসের আধা মাইল দূরত্বে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আরেকটি সভায় বক্তব্য দিচ্ছিলেন। তিনি তাঁর বক্তৃতায় বলেছেন, রিপাবলিকান পার্টির পুরো সম্মেলনই সাজানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য। তাঁকে একটি ভালো লাগা উপহার দেওয়ার জন্য। কমলা বলেছেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর কাছে আমেরিকার লোকজনের স্বাস্থ্য, কল্যাণ ও নিরাপত্তা প্রাধান্য পাওয়ার কথা ছিল। এসব ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
জাতীয়ভাবে জনমত জরিপে এখনো জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নির্বাচন পদ্ধতিতে এ পিছিয়ে থাকার চেয়েও এখন সবার জরুরি দৃষ্টি কয়েকটি রাজ্যের ভোটের ফলাফলের দিকে। এবারের নির্বাচনের জন্য যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ, তার মধ্যে অ্যারিজোনা, ফ্লোরিডা ও পেনসিলভানিয়ায় ট্রাম্প ও বাইডেনের অবস্থান খুবই কাছাকাছি। এই তিন রাজ্যে ট্রাম্প জয়ী হলে জনপ্রিয় ভোটে বেশি ভোট না পেয়েও তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেন।