নিউইয়র্কে করোনার সংক্রমণ আবার বাড়ছে
করোনাভাইরাস মহামারিতে চরম বিপর্যয়ের পর কিছুটা ঘুরে দাঁড়ানো শুরু করেছিল নিউইয়র্ক। কিন্তু ঠিক এই সময় এসে রাজ্যে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে।
২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ৫ শতাংশ। জিপ কোড অনুযায়ী নতুন করে সংক্রমণ পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজ্যে মোট সংক্রমণের ২৫ শতাংশই এখন নিউইয়র্কের ১০টি জিপ কোড এলাকায়।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ব্রুকলিন এলাকা থেকে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ শনাক্ত হচ্ছে। ব্রুকলিনে নিউইয়র্ক রাজ্যের মোট জনসংখ্যার ৩ শতাংশের কম লোকের বসবাস।
জিপ কোড অনুযায়ী নতুন করে সংক্রমণ পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজ্যে মোট সংক্রমণের ২৫ শতাংশই এখন নিউইয়র্কের ১০টি জিপ কোড এলাকায়
করোনা শনাক্তে সংক্রমণ প্রধান এলাকাগুলোতে দ্রুত ২০০ র্যাপিড টেস্টিং কিট পাঠানোর নির্দেশ দিয়েছেন গভর্নর কুমো। সেপ্টেম্বর মাসের মধ্যে ২৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো সংক্রমণের হার ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে বলে রিপোর্ট করা হয়েছে।
রাজ্যের দক্ষিণে সংক্রমণ শনাক্তের হার বেশি। মাস্ক ব্যবহার করা ও সংক্রমণ শনাক্তে পরীক্ষা করানোর জন্য গভর্নর আবারও রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কে ২৬ সেপ্টেম্বর করোনায় এক দিনে এক হাজারের বেশি করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। ২৭ সেপ্টেম্বর হোমক্রেট এলাকায় সংক্রমণ শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। মিডউড, কিউ গার্ডেন, ফার রকওয়ে, বরো পার্ক, ম্যাপলটন, শিপশেড বে, উইলিয়ামসবার্গ এলাকাকে এখন অধিক সংক্রমণের এলাকা বলে জানানো হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত নিউইয়র্কে ৩৩ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৯০ হাজার ৮৬০ জনের।