মিয়ামিতে ভবন ধসে নিহত বেড়ে ২৪
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির সার্ফসাইডের ভবনধসের ঘটনায় আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৪ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।
আজ রোববার এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, নয় দিন পেরিয়ে গেলেও ধসে যাওয়া ওই ভবনের ১২৪ জন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন। তিনি আরও বলেন, ‘জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা দ্রুত কমে আসছে।’
স্থানীয় সময় গত ২৪ জুন ভোরে ১২ তলার ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনটির বাসিন্দাদের বেশির ভাগ ঘুমাচ্ছিলেন। ভবনধসের কারণ এখনো অজানা। তবে ওই ভবনের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। ভবনটির মূল নকশায় ত্রুটি ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা সতর্ক করে বলেছিলেন, এই ত্রুটির কারণে ভবনের বড় ধরনের ক্ষতি হতে পারে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ওই ভবনের অবকাঠামোসংক্রান্ত একটি সমীক্ষা চালানো হয়েছিল। এতে বলা হয়, ভবনের পার্কিংয়ে ফাটল রয়েছে। এ ছাড়া ভবনের পুলের নিচের স্ল্যাবেও ত্রুটি রয়েছে। আর ভবনের ছাদ সংস্কারের অনুমতি দেওয়া হয়েছিল সম্প্রতি। ১৯৮০ সালে ওই ভবন নির্মাণ করা হয়েছিল। এতে ১৩০টি ইউনিট ছিল। ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় শনিবার আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ড্যানিয়েলা লেভিন। এর মধ্য দিয়ে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই ইসরায়েল ও লাতিন আমেরিকার। প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দেশের ছয়জন নিখোঁজ। এর মধ্যে দেশটির ফার্স্ট লেডির বোনও রয়েছেন।
এদিকে ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে আসছে মৌসুমি ঘূর্ণিঝড় এলসা। উপকূলে আঘাত হানার আগেই মঙ্গলবার নাগাদ উদ্ধার কার্যক্রম গুটিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস।