যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহ উত্তেজনা ও অনিশ্চয়তার
করোনায় সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় ২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ অক্টোবর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁদের করোনা শনাক্ত হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতির আর সৃষ্টি হয়নি। মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হয়নি। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বে থাকছেন। মেরিল্যান্ডে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।
২ অক্টোবর রাতে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন। তাঁকে এখনো অক্সিজেন দিতে হচ্ছে না। তাঁর চিকিৎসক জানিয়েছেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ট্রাম্পকে ওষুধ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও রাত সাড়ে ১১টার পর এক টুইট বার্তায় বলেছেন, তিনি সুস্থ আছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
ট্রাম্পের এই করোনায় সংক্রমিত হওয়ার খবরে নির্বাচনের আলোচনাও এখন বদলাতে শুরু করেছে। শারীরিক অবস্থা নাজুক হতে থাকলে এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়লে কী হবে? এমন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনা বা নির্বাচনেরই বা কী হবে?
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনার পর ‘কনটিনিউটি অব গভর্নমেন্ট কমিশন’ নামে একটি সংস্থা গঠন করা হয়। সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক জন ফোর্টিয়ার বলেছেন, পরিস্থিতি নাজুক হয়ে উঠলে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে হবে।
ফোর্টিয়ার বলেন, এর মধ্যে কিছু বিষয় একদম পরিষ্কার। সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। এর আগেও কোনো কোনো প্রেসিডেন্ট চিকিৎসার প্রয়োজনে এমন করেছেন।
আরও বেশ কিছু বিষয় আছে, যার কোনো অতীত উদাহরণ নেই। সংবিধানও এসব ক্ষেত্রে স্পষ্ট নয়। জন ফোর্টিয়ার বলেন, যদি প্রেসিডেন্টের অবস্থা হঠাৎ এমন নাজুক হয় তবে তিনি নিজেই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে না পারেন। আবার যদি ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয় তাঁর শারীরিক অবস্থা নাজুক এবং তিনি দায়িত্ব পালনে অক্ষমতার পর্যায়ে চলে যাচ্ছেন—এটা শুনেও তিনি তা মেনে না-ও নিতে পারেন।
আসছে ৩ নভেম্বরের নির্বাচনে ব্যালট থেকে তাঁর নাম অপসারণের মতো কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়ে পড়লে তা আরও জটিল হবে বলে মনে করেন জন ফোর্টিয়ার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ২০ বছরের কম বয়সের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড-১৯ সংক্রমণ পরবর্তী বাস্তবতা বরিস জনসনের পর্যায়ে চলে গেলে কী হতে পারে তা নিয়ে আলাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান ও রাজনৈতিক বিধিবিধানে এমন পরিস্থিতির বেশ কয়েকটি সম্ভাবনা নিয়ে আলাপ শুরু হয়েছে।
জন ফোর্টিয়ার বলেছেন, প্রেসিডেন্ট নিজে দায়িত্ব হস্তান্তর না করে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়লে ভাইস প্রেসিডেন্ট ও কংগ্রেস মিলেই সিদ্ধান্ত নিতে হবে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করতে পারবে। কিন্তু প্রেসিডেন্ট যদি কোনো পর্যায়ে তাঁর শারীরিক অক্ষমতার বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন, তখন সমস্যা বেশি হবে এবং তা হবে চরম কোনো পরিস্থিতি। সে ক্ষেত্রে কংগ্রেস সিদ্ধান্ত নিতে পারে, ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হবে কিনা।
নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে কোনো কারণে ব্যালট থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সরাতে হলে তা আরও বেশি সমস্যার কারণ হবে। এ পর্যায়ে প্রার্থী মারা গেলে বা অক্ষম হয়ে পড়লে নির্বাচনে তাঁর নামই ব্যালটে থাকবে বলে মনে করেন জন ফোর্টিয়ার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ২০ বছরের কম বয়সের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড-১৯ সংক্রমণ পরবর্তী বাস্তবতা বরিস জনসনের পর্যায়ে চলে গেলে কী হতে পারে তা নিয়ে আলাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান ও রাজনৈতিক বিধিবিধানে এমন পরিস্থিতির বেশ কয়েকটি সম্ভাবনা নিয়ে আলাপ শুরু হয়েছে
মার্কিন নির্বাচনে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট প্রার্থীকে নয়, ভোট দিয়ে থাকেন ইলেকটোরাল কলেজকে। ট্রাম্প স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও, নভেম্বরের নির্বাচনের জন্য ছাপানো ব্যালটে তাঁর নাম থাকবে।
১৪ ডিসেম্বর প্রতি রাজ্যে ইলেকটোরাল কলেজের সভায় সদস্যরা মিলিত হয়ে থাকেন এবং তাঁদের ব্যালটে স্বাক্ষর করে থাকেন। এর আগে রিপাবলিকান দল তাদের জাতীয় কমিটির মাধ্যমে বা দলের কনভেনশনের মাধ্যমে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে। তবে সামনে এসবের কোনো উদাহরণ নেই। এ কারণেই এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বেশ জোরের সঙ্গেই।
সব বিতর্ক ছাপিয়ে যুক্তরাষ্ট্রের সর্বত্র এখন এসব আলোচনাই প্রাধান্য পাচ্ছে। নাজুক যেকোনো পরিস্থিতিতে নির্বাচনী বিষয় সুপ্রিম কোর্টে গড়াতে পারে বলেও বলছেন কেউ কেউ।
করোনা মহামারির মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্ক ভিন্ন ভিন্ন বিষয়ে ঘুরপাক খাচ্ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমিত হওয়ার পর এখন একই আলোচনা সর্বত্র। এখন বিতর্ক নয়, আলোচনার কেন্দ্রে কোভিড-১৯। যুক্তরাষ্ট্রের আগামী কয়েক সপ্তাহ উত্তেজনা আর অনিশ্চয়তার হয়ে উঠছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখার অধীর অপেক্ষায় সবাই।