সহিংসতাতে নিজের সাফল্য খুঁজছেন ট্রাম্প

উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তাকে জিইয়ে রেখে নির্বাচনে জয়ী হওয়ার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণাঙ্গ হত্যা ও অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ওপর পুলিশি নির্যাতনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে যে আগুন জ্বলে উঠেছে, তা নেভানোর কোনো চেষ্টাই নেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। বরং এই আগুনে ঘি ঢালার কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে নিজের পুনর্নির্বাচনে এই সহিংস অস্থিরতাকেই তিনি পুঁজি করতে চাইছেন।

যেকোনো রাষ্ট্রেই হঠাৎ কোনো ঘটনা থেকে আগুন জ্বলে উঠতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রও ব্যতিক্রম নয়। যখন কোনো রাষ্ট্রে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়, তখন যেকোনো ছোট স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্ন্যুৎপাত হওয়ার আশঙ্কা থাকে। পুঞ্জীভূত ক্ষোভ সব গুঁড়িয়ে দেওয়ার প্রবণতায় রূপ নেয়। ঠিক এ ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। জর্জ ফ্লয়েডের হাঁটু-চাপা মৃত্যু যে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল, তা এখনো জ্বলছে। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের সেই আন্দোলনের বয়স ৯০ দিন পেরিয়েছে আগেই। সময়ের সঙ্গে এ বিক্ষোভ থিতিয়ে আসার কথা ছিল। কিন্তু হয়নি। কারণ, ডোনাল্ড ট্রাম্প। তাঁর নানা কথা আইনশৃঙ্খলা বাহিনীকে নিবৃত্ত করার বদলে উসকে দিয়েছে, উসকে দিচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ধারণাকে। ফলে জর্জ ফ্লয়েডের মতো করে আরও কৃষ্ণাঙ্গ কাঠামোগত বৈষম্যের শিকার হয়েছেন। মিনিয়াপোলিসের সঙ্গে যুক্ত হয়েছে লুইজিয়ানা, উইসকনসিন ও পোর্টল্যান্ডের নাম।

  • বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের দাঙ্গাবাজ বলে তাদের বিরুদ্ধে সেনা মোতায়েনের কথা বলছেন

  • উইসকনসিনে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের পরিবারকে দেখতে যাবেন না ট্রাম্প

  • করোনা মোকাবিলা, অর্থনীতির ব্যর্থতা ঢাকতে সহিসংসতা ট্রাম্পের বড় অস্ত্র

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের মতো আচরণ অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। সাধারণ বুদ্ধি বলে, এমন সময়ে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। জাতিগত ও সাংস্কৃতিক বিভাজনের অবসান ঘটাতে সামনে থেকে নেতৃত্ব দেবেন। কিন্তু ট্রাম্প এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। বিক্ষোভের কারণকে বিবেচনায় নিয়ে তা নিরসনের কথা বলার বদলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা মোতায়েনের কথা বলছেন। নিজের কট্টরপন্থী সমর্থকদের সশস্ত্র হয়ে নামার উসকানি দিচ্ছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ‘সহিংস’ বলে অভিধা দিয়ে সুস্পষ্ট বিভাজন টানছেন।

ডোনাল্ড ট্রাম্প উইসকনসিনের কেনোশা সফরে যাচ্ছেন আজ মঙ্গলবার। স্থানীয় প্রশাসন তাঁর সফর পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। কিন্তু তিনি নিজের সফরসূচি বদলাবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিক্ষোভে উত্তাল একটি অঞ্চলে স্বয়ং প্রেসিডেন্ট সফর করলে, তা ইতিবাচক হওয়ার কথা। কিন্তু মুশকিল হচ্ছে, স্বয়ং প্রেসিডেন্টের বিরুদ্ধেই রয়েছে বর্ণবাদের অভিযোগ। আর কেনোশায় বিক্ষোভটি হচ্ছে বর্ণবাদবিরোধী। উপরন্তু, কেনোশা সফরের সময় তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। অথচ যে জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় এই বিক্ষোভ, তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা তাঁর নেই।

নিজের ব্যর্থতা ঢাকতে বিভাজনের রাজনীতি উসকে দিচ্ছেন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

ট্রাম্প কেনোশা সফর করতে চান, তাঁর ভাষায় ‘অতি-বাম গোষ্ঠী’র উসকানিতে হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে। নির্বাচনের আগে তিনি নিজেকে একজন কঠোর প্রশাসক হিসেবে দেখাতে চান। একই সঙ্গে অশ্বেতাঙ্গ গোষ্ঠী সম্পর্কে তিনি এ যাবৎ যা বলেছেন, তাও প্রমাণ করতে চান। লক্ষ্য, নির্বাচনে উইসকনসিনসহ অস্থির হয়ে ওঠা অঙ্গরাজ্যগুলোর শ্বেতাঙ্গ ভোট নিজের দিকে টানা। এখানে অস্থিতিশীলতা নিরসনের কোনো দূরবর্তী ইচ্ছাও তাঁর প্রবণতায় নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ডোনাল্ড ট্রাম্প দেখাতে চান, যুক্তরাষ্ট্র অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছে, যা থেকে তাকে বাঁচাতে হলে চাই তাঁর মতো ‘কঠোর’ ও ‘আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল’ একজন প্রশাসক। তিনি সুস্পষ্টভাবেই চান, এই অস্থিরতা নির্বাচন পর্যন্ত জারি থাক। অন্তত নিজের পুনর্নির্বাচন নিশ্চিতের জন্য যথেষ্টসংখ্যক ভোটারকে দলে ভেড়াতে যত দিন প্রয়োজন, তত দিন তিনি এ সহিংস পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে চান।

এ কারণেই গতকাল সোমবার দেওয়া বক্তব্য ট্রাম্প পরিস্থিতি সামাল দিতে সব পক্ষকে শান্ত হয়ে আসার আহ্বান জানানোর বদলে নিজের সহিংস সমর্থকদের সরাসরি পক্ষ নেন। শুধু তাই নয়, উইসকনসিনের কেনোশায় বিক্ষোভ চলাকালে গুলি চালানো ব্যক্তিদের পরোক্ষ সমর্থন করতেও তাঁর বাধে না। নিহত দুই বিক্ষোভকারীর পক্ষে দাঁড়ানোর বদলে তিনি সরাসরি নিজের সশস্ত্র সমর্থকদের বেছে নেন। এমনকি কৃষ্ণাঙ্গদের সঙ্গে পুলিশের আচরণকেও তিনি পরোক্ষে সমর্থন জানান।

কথা হলো, নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প কেন এত করে সহিংসতা উসকে দিতে চাইছেন। উত্তর—ব্যর্থতা। নিজের ব্যর্থতা ঢাকতেই তিনি এমনটা করছেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলা থেকে শুরু করে অর্থনৈতিক অস্থিরতায় সঠিক দিকনির্দেশনা দেওয়া—এসব ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন। নতুন করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করলেও ট্রাম্প বলেছিলেন—এটা চীনের সমস্যা। সঙ্গে এও বলেছিলেন, যুক্তরাষ্ট্র মহামারি মোকাবিলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। অথচ যখন মহামারি এল, দেখা গেল বিশ্বের সবচেয়ে অপ্রস্তুত দেশটির নাম যুক্তরাষ্ট্র। যে নিম্ন বেকারত্ব হারকে ট্রাম্প তাঁর একার কৃতিত্ব হিসেবে দাবি করে আসছিলেন, করোনাকালে দেখা গেল সেই বেকারত্বের হার নিমেষেই পাহাড় হয়ে গেছে। বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা হাজির করার বদলে মহামারি নিয়ন্ত্রণে আসার আগেই সব চালুর নীতি নিলেন। বিশেষজ্ঞদের বারণ সত্ত্বেও নেওয়া এই পদক্ষেপের উত্তর হিসেবে এল দিকে দিকে নতুন সংক্রমণ। সঙ্গে জাতিগত বিভাজন, অভিবাসন নিয়ন্ত্রণের নামে অভিবাসীবিরোধী অবস্থান, আন্তর্জাতিক পরিসরে কোনো সাফল্য না থাকা—এসবই তাঁর ব্যর্থতা, যা ঢাকতে তিনি এখন জেরবার।

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন
ছবি: রয়টার্স

ব্যর্থতা ঢাকার পন্থা হিসেবেই তিনি সহিংসতাকে বেছে নিয়েছেন। তিনি এক মিথ্যা দশবার বলার নীতি নিয়েছেন। তিনি বলছেন, এই যে সহিংসতা যুক্তরাষ্ট্রের পথে পথে ছড়িয়ে পড়েছে, তার মূলে রয়েছে ডেমোক্র্যাটরা। তিনি চান নির্বাচনের আগে সহিংসতাই কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হোক। এ কারণে যে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন গড়ে হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে, তার কথা উল্লেখ না করে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘অতি-বাম রাজনীতিকদের উসকানিতে এই সহিংসতা হচ্ছে। তারা আমাদের দেশ, আমাদের জাতি ও আমাদের পুলিশকে দানব হিসেবে উপস্থাপন করতে চায়। দাঙ্গাবাজেরা বাইডেনের ভাষায় কথা বলে। তাদের লক্ষ্যও একই। দাঙ্গাবাজ ও বাইডেন একই পক্ষে অবস্থান করছে।’

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যেই তাঁর অবস্থান ও উদ্দেশ্যটি পরিষ্কার হয়ে যায়। মুখে যা-ই বলুন, তিনি সুস্পষ্টভাবে বিক্ষোভকারীদের বিপক্ষে ও দাঙ্গাবাজদের পক্ষে অবস্থান নেন। পোর্টল্যান্ডে গুলিতে তাঁর এক সমর্থকের মৃত্যুর নিন্দা জানানোর পাশাপাশি যখন তিনি কেনোশায় তাঁর সশস্ত্র সমর্থকের পক্ষে অবস্থান নেন, তখনই স্পষ্ট হয়ে যায় তাঁর বিভাজনের রাজনীতি। ট্রাম্পের প্রচার দলের নিজস্ব জরিপে এর সুফলও ধরা দিয়েছে। মিনেসোটায় জর্জ ফ্লয়েডের ঘটনার পর ট্রাম্পের অবস্থান দৃঢ় হয়েছে। একই অবস্থা উইসকনসিনেও। যেসব অঙ্গরাজ্যে স্বতন্ত্র ভোটারের সংখ্যা বেশি, সেসব অঙ্গরাজ্যের শ্বেতাঙ্গ ভোটকে নিজের দিকে টানতে এই বিভাজনের খেলাটি এখন পর্যন্ত বেশ কাজে দিয়েছে। এতে ডেমোক্র্যাট শিবিরও কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে বলা যায়। ট্রাম্প ও তাঁর দল ঠিক এটিই চান। সহিংসতা ও বিভাজনের পথ ধরেই আসছে নির্বাচনের বৈতরণী পার হতে চান তাঁরা।