পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। সেখানে নুরজাহান বেগম একাই থাকতেন
পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। সেখানে নুরজাহান বেগম  একাই থাকতেন

সন্তানেরা প্রতিষ্ঠিত, একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে

ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির প্রথম আলোকে বলেন, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তাঁর মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গে থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। ওসি আরও বলেন, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ জানিয়েছে, নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংশোধনী: প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করার সময় জানা যায়, বাসায় নুরজাহান বেগম একাই থাকতেন। আজ সরজমিনে দেখা যায়, ওই বাসায় তাঁর মেয়েও থাকেন। আজ ২ জুন বিকেল ৪টা ৪২ মিনিটে প্রতিবেদনটি পরিমার্জন করা হলো।