মৌলভীবাজারের রাজনগরে জনগণের হাতে ধরা পড়া একটি অজগর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উদ্যানের জানকীছড়া এলাকায় এটি ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রাজনগর উপজেলার চান্দভাগ চা-বাগানের বরিশালপাড়ার সেলিম মিয়া বাগানের একটি ছড়ায় অজগরটি দেখতে পান। মঙ্গলবার ভোরে এটি ধরা হয়। পরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানালে বিভাগের লোকজন গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তা মোনায়েম হোসেন গতকাল বুধবার বলেন, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন ২২ কেজি।