
অতিপ্রয়োজন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিচারপ্রার্থী জনগণের দ্রুত বিচারিক সেবা দেওয়ার উদ্দেশ্যে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে অধস্তন আদালতের বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। এ অবস্থায় অতি প্রয়োজন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।