
ঈদ উপলক্ষে চট্টগ্রামের অনলাইন উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী ‘লাইফস্টাইল ফেস্টিভ্যাল’ নামে মেলার আয়োজন করা হয়েছে। নগরের নাসিরাবাদের রূপনগর কমিউনিটি সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি বিশ্বজিৎ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সদস্য নুজহাত ক্রিস্টি ও রোকেয়া রহমান।
মেলার আয়োজক হচ্ছে অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আবরণ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সাবরিনা জাহান বলেন, পাঁচ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় ৩৭টি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামীকাল শনিবার মেলা শেষ হবে।