জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই বিশেষজ্ঞ চিকিৎসক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় গত মঙ্গলবার তাঁদের বেতন বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন।
সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদ্রোগ বিশেষজ্ঞ মো. কামরুজ্জামান ও অর্থোপেডিক বিশেষজ্ঞ শামসুল আলম যোগদান করেন। যোগদানের পর থেকেই তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে বেতন-ভাতা উত্তোলন করছিলেন। গত ৯ জুন সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তাঁদের কর্মস্থলে পাননি। এ সময় তিনি জানতে পারেন, অনুমতি না নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এরপর ওই দুই চিকিৎসককে গত ১৫ জুলাই কারণ দর্শানোর চিঠি দেন। এরপরও তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকেন।