লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী (১৬) অপহরণ হওয়ার ২৭ দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।কালীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে দুলালী গ্রামের আশরাফুল ইসলাম ও হেলাল উদ্দিন তাকে জোরপূর্বক ভ্যানে তুলে নিয়ে যায়। পরে অপহূতার পরিবারের লোকজন জানতে পারেন আশরাফুল ও হেলাল এক যুবকের সহযোগিতায় তাকে অপহরণ করেছে। এ ব্যাপারে গত ১৫ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীর বাবা কালীগঞ্জ থানায় আশরাফুল ও হেলালকে আসামি করে মামলা দায়ের করেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির উজ জামান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।