অপহরণ প্রতিরোধে আজ শনিবার থেকে একটি স্কোয়াড (অ্যান্টি কিডনাপিং স্কোয়াড) চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির মুখপাত্র ও যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান । তিনি বলেন, অপহরণ রোধ, অপহরণে জড়িত আসামিদের গ্রেপ্তারে এই স্কোয়াড কাজ করবে। এ ছাড়া জামিনে ছাড়া পাওয়া আসামিদেরও নজরদারিতে রাখবে স্কোয়াড।
এই স্কোয়াডে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু থাকবে। চারটি নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো: ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৪, ০১৭১৩৩৭৩২১৬।
স্কোয়াডের সদস্যসংখ্যা ৪০। এর প্রধান একজন অতিরিক্ত উপকমিশনার।
অপহরণকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে এই স্কোয়াডে তা জানাতে বলা হয়েছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র।