ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার অপহূত কেব্ল টেলিভিশন সংযোগের ব্যবসায়ী মতিউর রহমানকে উদ্ধারের দাবিতে গতকাল শনিবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। দুই ঘণ্টার এ অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ে।মতিউর ‘নোভা কমিউনিকেশন’-এর মালিক। তিনি ইকুরিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে ওঠে। প্রায় দুই ঘণ্টা পর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন মতিউরকে উদ্ধারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।