আজ প্রজ্ঞাপন জারি

অবশেষে শ্রমবিধি চূড়ান্ত, উৎসব ভাতা বাধ্যতামূলক

আইন সংশোধনের প্রায় দুই বছর পর শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত করেছে সরকার। এতে উৎসব ভাতা বাধ্যতামূলক করাসহ শ্রমিক অধিকার সুরক্ষায় বেশ কিছু বিষয় সুনির্দিষ্ট করা হয়েছে। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, দীর্ঘ প্রত্যাশিত শ্রম আইনের বিধিমালার বিষয়ে আইনি যাচাই (ভেটিং) হয়েছে। আজ বুধবারের মধ্যে গেজেট (প্রজ্ঞাপন) জারি হবে। শ্রম আইনে উৎসব ভাতার বিধান না থাকলেও বিধিমালায় উৎসব ভাতা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালের জন্য যেসব শর্ত দেওয়া হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য শ্রম আইনের বিধিমালা। বিধিমালা জারি না করায় কারখানার কর্মপরিবেশের উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সরকারের সমালোচনা করছিল।
শ্রম মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি পুনর্বহালের আগে এ সফরকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ জন্য বিধিটি তাড়াতাড়ি চূড়ান্ত করা হয়েছে।
জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, জিএসপি পাওয়ার জন্য যে ১৬টি শর্ত দেওয়া হয়েছিল, এই বিধিটি হওয়ার মাধ্যমে সব শর্তই পূরণ হচ্ছে। এখন তারা (যুক্তরাষ্ট্র) জিএসপি পুনর্বহাল করবে কি না, সেটি তাদের বিষয়।
একটি আইন কীভাবে বাস্তবায়ন হবে, তার বিস্তারিত উল্লেখ করে বিধিমালা করা হয়। কিন্তু শ্রম আইন সংশোধনের দুই বছর পরও তা বাস্তবায়নের জন্য সরকার বিধিমালা জারি করতে পারেনি। বিধি না হওয়ার কারণে কারখানার সামগ্রিক উন্নয়নে বাংলাদেশে আইএলওর ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ নামের বিশেষায়িত কর্মসূচি চালু হচ্ছে না। এ ছাড়া বিধি নিয়ে সরকারের দীর্ঘসূত্রতাকে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো বড় করে তুলে ধরছে। অথচ রানা প্লাজা ধসের পর শ্রমিক স্বার্থ সুরক্ষা এবং কারখানার নিরাপত্তার মানোন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা: তৈরি পোশাক শিল্পকারখানার শ্রমিকদের পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা রোববারের (২০ সেপ্টেম্বর) মধ্যে পরিশোধ করতে হবে। এ ছাড়া ঈদের আগে চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়া হবে।
গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শ্রম আইনে উৎসব ভাতা দেওয়ার কথা না থাকলেও মালিকেরা এটি দিয়ে আসছেন। এ জন্য ২০ তারিখের মধ্যে এই উৎসব ভাতা পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রম আইন অনুসারে বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ঈদের কারণে শ্রমিকদের অন্তত ১৫ দিনের বেতন দেওয়ার অনুরোধ করা হয়েছে। এতে তাঁরা রাজি হয়েছেন। সভায় ঈদের ছুটি আগের মতো পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।