অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদের চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে রোববার পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগঞ্জের কসবা গ্রামের ফোরমান আহমেদ এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার মালেক মিয়া, কনু মিয়া, কাউছার মিয়া ও রিপন মিয়া।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত পাঁচজন কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়াই কুশিয়ারা নদী থেকে কয়েক মাস ধরে বালু উত্তোলন করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান ও সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করেন। পরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার প্রমাণ পাওয়ায় তাঁদের কারাদণ্ড দেন। ফোরমানকে এক মাস ও বাকি চারজনকে এক সপ্তাহ করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান বলেন, বিকেলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।