সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খননযন্ত্রের শ্রমিক বরিশালের আকবর আলী (৩৬); বাকেরগঞ্জের খোদাবক্সকাঠি গ্রামের রোকন উদ্দিন (৩২); টাঙ্গাইলের মাসুদ আলী (৩০) ও বাবলু মিয়া (৩১) এবং বগুড়ার ধুনট উপজেলার ট্রাকশ্রমিক মজনু মিয়া (৩২) ও আবদুর রশীদ (৩৫)।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার-সংলগ্ন এলাকায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। এখানে একশ্রেণীর বালুদস্যু খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনকাজে ব্যবহূত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।