
অভিবাসী শ্রমিকবিষয়ক জাতিসংঘের কমিটিতে (সিএমডব্লিউ) সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৫১ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য (২০১৮-২১) নির্বাচিত হন বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রাতে প্রথম আলোকে এই তথ্য জানান। এই বিজয়কে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় দেশের অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন বাংলাদেশের কর্মকর্তারা। এবারের নির্বাচনে ৭টি পদে ১১টি দেশের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করেন।