কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের নির্মাণকাজ, হাটবাজার ইজারা এবং কর আদায় নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তিন সদস্যের ওই কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত সোমবার এ-সম্পর্কিত একটি চিঠি নগর ভবনে এসেছে।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক চিঠি ৩ নভেম্বর কুমিল্লায় পৌঁছে। ওই চিঠিতে সিটি করপোরেশনের নির্মাণকাজ, বিভিন্ন ধরনের ইজারা, কর বৃদ্ধি ও আদায়সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন অধিশাখা-১) মো. শফিকুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।