
শৈশবে বাবাকে হারিয়েছেন। মা, ভাই–বোনকে নিয়ে জীবনযুদ্ধের লড়াই শুরু করেছিলেন। কিন্তু মাঝপথে শারীরিক অসুস্থতায় খেই হারিয়ে ফেলেন। প্রাণঘাতী লিভার সিরোসিস ও কিডনির রোগে আক্রান্ত হয়ে এখন বেঁচে থাকা দায় তাঁর। গল্পটা মেহেদী হাসানের (৩৫)। যন্ত্রণায় ছটফট করতে থাকা মেহেদীর চিকিৎসা আটকে আছে অর্থের অভাবে।
মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়িতে। বিবিএ শেষ করে ২০১২ সালে রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউসে চাকরি নিয়েছিলেন। মা, বোন আর ছোটো ভাইকে নিয়ে ভালোই চলছিল। ২০২০ সালে তাঁর কিডনিতে জটিলতা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়ায় কিছুটা কমতে থাকে রোগের যন্ত্রণা। কিন্তু ততদিনে শরীরে বাসা বেঁধেছে আরেকটি রোগ, লিভার সিরোসিস।
মা–ভাই–বোনের কপালে তখন চিন্তার ভাঁজ। কী করে রোগের চিকিৎসা চলবে। তারপরও মা ও স্কুলপড়ুয়া ভাই মিলে টেনে নিচ্ছিলেন সংসার; সাধ্যমতো চলছিল মেহেদীর চিকিৎসা। তবে অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে। এর মধ্যেই গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় মেহেদীর ছোট ভাই। সন্তান হারানোর শোকে কয়েক মাস পর মারা যান তাঁর মা–ও। বিয়ে হওয়ায় বোনটিও চলে যায় অন্যের ঘরে। এখন অসুস্থ মেহেদী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন।
চিকিৎসকেরা বলেছেন, উন্নত চিকিৎসা ও নিয়মিত ওষুধ–পথ্যের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব মেহেদীকে। এজন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। তাই নিজের চিকিৎসার জন্য সবার কাছে সহায়তা চেয়েছেন মেহেদী।
সহায়তা পাঠানোর ঠিকানা: মোহাম্মদ মেহেদী হাসান, ব্যাংক হিসাব নম্বর: ৮৮০৬০০৭৩৭১, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, উত্তরা শাখা, ঢাকা। সহায়তা পাঠানো যাবে বিকাশে, ০১৯১৩–৪৯০৯৮৬ নম্বরে।