চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই সন্ত্রাসীকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
আসামিরা হলেন মো. শফি ও স্বরুপম মিত্র। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ১৯৯১ সালের ১৬ জুলাই নগরের কোতোয়ালি থানার রাজাপুকুর লেন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি বন্দুক ও দুটি গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় তাঁদের বিরুদ্ধে একই বছরের ৬ আগস্ট পুলিশ অভিযোগপত্র দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।