সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) প্রণীত কোড অব কনডাক্ট পলিসি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে আইসিডিডিআর,বির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালককে এর জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
শুনানিতে শাহদীন মালিক বলেন, ৭ অক্টোবর থেকে আইসিডিডিআর,বি নতুন যে কোড অব কনডাক্ট কার্যকর করেছে, তা আইসিডিডিআর,বি অধ্যাদেশ ও সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী। এ পলিসিতে এমন কিছু বিষয়কে অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার ফলে বস্তুত এ প্রতিষ্ঠানে চাকরি করা কঠিন হয়ে পড়েছে।
রিট আবেদনটি করেন আইসিডিডিআর,বির চিফ ফিজিশিয়ান ও স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।