মিরসরাইয়ে আবুল কাশেম নামে আওয়ামী লীগের এক সমর্থকের গ্যারেজে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গ্যারেজে রাখা একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত রোববার রাতে উপজেলার হিংগুলি ইউনিয়নের পশ্চিম হিংগুলি গ্রামের সালাদারবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জোরারগঞ্জ থানার পুলিশ চার বোতল পেট্রল, ১০টি ইয়াবা বড়ি, গাঁজা ও ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করেছে।
আবুল কাশেম জানান, রোববার রাত তিনটায় বিকট শব্দ শুনে এক প্রতিবেশী বের হয়ে দেখেন গ্যারেজে আগুন জ্বলছে। আগুনে গ্যারেজে রাখা মাইক্রোবাসটি (চট্ট মেট্রো ট ১১-৬৩৪০) ক্ষতিগ্রস্ত হয়।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আবুল কাশেম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।