
আজ ২৪ আগস্ট, বিশিষ্ট নারীনেত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান তিনি।
আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া হবে। এ ছাড়া বাদ আসর আইভি কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২-এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ভৈরব জানান, আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন
কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকাল ছয়টায় স্থানীয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও সকাল সাড়ে ছয়টায় আইভি রহমান ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
সকাল সাতটায় দলীয় কার্যালয়ে কোরআন খতম শেষে শহরের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে স্মরণসভা ও বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভৈরব উপজেলা ও শহর আওয়ামী লীগ এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।