ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিজয় কুমার সিং পাঁচ দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরের সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ভারতী সিং ও চারজন সেনা কর্মকর্তা। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।ভারতীয় সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।