বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য কনস্যুলার সেবা প্রদান আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ হাইকমিশন। আজ শনিবার থেকে ব্রিটিশ হাইকমিশনের সিলেট কনস্যুলার সার্ভিস শাখা থেকে যেকোনো সহায়তা ই-মেইলের মাধ্যমেই নেওয়া যাবে। বিশেষ প্রয়োজনে কনস্যুলার শাখার কর্মকর্তাদের সাক্ষাৎ পর্বের দিনক্ষণও একইভাবে সম্পন্ন করা যাবে। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও সিলেটে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের কার্যালয় থেকে আজ থেকে এভাবেই কনস্যুলার সেবা গ্রহণ করা যাবে। তবে পাসপোর্ট বা ভিসা-সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য হাইকমিশনের আলাদা শাখায় যোগাযোগ করতে হবে।