আজ পাঠ্যপুস্তক উৎসব

ছাপা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বই বিতরণের কাজ উদ্বোধনও করেছেন। এখন কেবল উৎসবের অপেক্ষা। আজ রোববার বছরের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যাপিত হবে পাঠ্যপুস্তক উৎসব। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরবে শিক্ষার্থীরা।
উৎসব উদ্যাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় উৎসব হবে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে। উৎসব উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে রাজধানীর ৩১টি বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে আনা হচ্ছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসবে থাকবে ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সূত্র জানায়, প্রথমবারের মতো পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি) প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের মাতৃভাষায় বই দেওয়া হবে।