২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে চট্টগ্রামে আজ শনিবার পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ টিকাদান কর্মসূচি চলবে।
চট্টগ্রাম নগর ও উপজেলায় এ কর্মসূচি পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
সিটি করপোরেশন জানিয়েছে, টিকাদান উপলক্ষে নগরে এক হাজার ২৮৮টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে প্রায় পাঁচ লাখ শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। এ জন্য নগরের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সহযোগিতায় সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ছয় হাজার ৪৪০ জন স্বেচ্ছাসেবক, জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, টিকাদান ও স্বাস্থ্যকর্মী এ কাজে নিয়োজিত থাকবেন।
এ ছাড়া ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া শিশুদের টিকা খাওয়ানো হবে।