আজ সাংবাদিক এবিএম মূসার ৮৪তম জন্মবার্ষিকী

এবিএম মূসা
এবিএম মূসা

আজ ২৮ ফেব্রুয়ারি প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক এবিএম মূসার ৮৪তম জন্মবার্ষিকী। জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মূসা ১৯৩১ সালে ফেনীর ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জন্মদিন উপলক্ষে আজ বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন লাউঞ্জে স্মরণসভা ও মুক্ত আলোচনার আয়োজন করেছে এবিএম মূসা ফাউন্ডেশন।
১৯৫০ সালে দৈনিক ইনসাফ থেকে এবিএম মূসার সাংবাদিকতার শুরু। ওই বছরই তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার-এ যোগ দেন। তিনি দৈনিক সংবাদ, বিবিসি, সানডে টাইমস-এ কাজ করেছেন। বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ-এর সম্পাদক, বিটিভি, প্রেস ইনস্টিটিউট, বাসসের মহাব্যবস্থাপক, দৈনিক যুগান্তর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৮ সালে জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্যাসেফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন।
এবিএস মূসা চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।