বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯০৫ সালে আতাউর রহমান খানের জন্ম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তিনি। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে ধামরাই-সাভার নির্বাচনী এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন এই নেতা। পরে তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সহসভাপতি আতাউর রহমান খান। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। একপর্যায়ে হানাদার পাকিস্তানি বাহিনী তাঁকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসে বন্দী করে রাখে। তাঁর গ্রামের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। ১৯৮৪ সালের ৩০ মার্চ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ৮৬ বছর বয়সে ১৯৯১ সালের ৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। বিজ্ঞপ্তি।