দিনাজপুর শহরে ইতালীয় ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এফ এম আহসানুল হক অভিযোগপত্র গ্রহণ করেন।
অভিযোগপত্রভুক্ত সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য। তাঁদের মধ্যে পালিয়ে থাকা তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে মামলার এজাহারনামীয় আসামি জেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার বলেন, অভিযোগপত্রে যে সাত জঙ্গির নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে মো. শরিফুল ইসলাম ওরফে ডেনিস ওরফে সিফাত ওরফে জিদ, মো. সাখাওয়াত হোসেন ওরফে শফিক, সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান ও আবদুর রহমান ওরফে পিন্টু ওরফে বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজন হলেন রাজিবুল ইসলাম বাদল ওরফে বাঁধন, আবদুল খালেক ওরফে খালেদ ওরফে মামা এবং মো. রাজীব ওরফে সুজন ওরফে জাকির।
গত বছরের ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের সুইহারী বিআরটিসি বাস টার্মিনালের পাশে ইতালির নাগরিক পিয়েরো পিচমকে জঙ্গিরা হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পিয়েরো পিচম চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ডিসেম্বরে নিজ দেশে ফিরে যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জেএমবির সাত সদস্যের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় গত ৩০ জুন। আদালত গতকাল অভিযোগপত্র আমলে নিলেন।