
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ষষ্ঠ দিনের মতো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানির দিন ধার্য আছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন।
এর আগে এই মামলায় খালেদা জিয়ার দুজন আইনজীবী তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তৃতীয় আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রেখেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।
একই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য আছে।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পঞ্চম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজের টাকা তছরুপ হওয়ার কোনো তথ্য-প্রমাণ নেই। এই মামলায় রাজনৈতিক গন্ধ আছে ।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।