আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৩য় ধাপ’-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে গতকাল রোববার সকাল নয়টার পরে ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৩য় ধাপ’-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

১ হাজার ২৪০ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে ওই সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন সালাম গ্রহণ করেন। তিনি প্যারেড পরিদর্শন করেন। বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থী সাধারণ আনসার সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিটি ক্ষেত্রে সব সময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে।

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৩য় ধাপ’-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে

এ ছাড়া বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় বাহিনীর অন্য সদস্যদের মতো সাধারণ আনসার সদস্যদের আত্মত্যাগ, দায়িত্ব কর্তব্য ও নিষ্ঠা সবার প্রশংসা অর্জন করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন-বিমান ও স্থলবন্দর, সমুদ্রবন্দর, পদ্মা বহুমুখী সেতু, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ ৪ হাজার ৭৫০টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৫০ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থী সদস্যদের উদ্দেশে বলেন, আজ এই বাহিনীর ১ হাজার ২৪০ জন সদস্য কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ১০ সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ শেষ করেছেন। এ জন্য তিনি তাঁদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালক (অপারেশনস) ও উপ-মহাপরিচালকসহ (প্রশিক্ষণ) সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণার্থীরা ছয় সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন কৃতী প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করেন। আবদুল কাদির ইমন (শ্রেষ্ঠ ড্রিল), মো. নোমান (শ্রেষ্ঠ ফায়ারার) ও নেউইন উম্মেষ (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। মৌলিক প্রশিক্ষণে মো. জাহিদ হোসেন উপপরিচালক, কোর্স ও আইসি এবং স্বরূপ বিশ্বাস, সহকারী অ্যাডজুট্যান্ট, কোর্স অ্যাডজুট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। খবর বিজ্ঞপ্তির