‘আয় হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকি’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’র ৩৪ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কলকাতার প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদ ও স্বননের আহ্বায়ক জি এম ইকরামুল কবীর। উদ্বোধনের পর ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।