রাজধানীর পল্টন থানায় করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণের জন্য আরও আট সপ্তাহ সময় চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল বুধবার এই আবেদন করা হয়। তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে আত্মসমর্পণের জন্য আরও আট সপ্তাহ সময়ের আবেদন করা হয়েছে।
নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এসব মামলায় গত ১৩ জুলাই মির্জা ফখরুলের ছয় সপ্তাহের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। মির্জা ফখরুলের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর জামিন বহাল রাখা হয়। এরপর চিকিৎসার জন্য বিদেশে থাকায় আত্মসমর্পণের জন্য দুই দফা সময় নেন তিনি। আগামী ২ নভেম্বর তাঁর জামিনের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে।